ভারোত্তোলনে সাফল্য পাচ্ছে উত্তর কোরিয়া
সমর্থকদের কাছে তিনি দারুণ জনপ্রিয়। কিম উন-গুক দেশের মানুষের ভালোবাসায়ও সিক্ত। উত্তর কোরিয়ার এই ভারোত্তোলক পরশু নতুন বিশ্ব রেকর্ড গড়ে জিতলেন অলিম্পিক সোনা।পুরুষ ৬২ কেজি ওজন শ্রেণীতে উন রেকর্ড করেছেন স্ন্যাচে ১৫৩ কেজি তুলে। ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ১৭৪ কেজি। মোট ৩২৭ কেজি তুলে গড়লেন নতুন বিশ্ব রেকর্ড। চীনের ঝাং জাইয়ের রেকর্ড (৩২৬ কেজি) ভেঙেছেন তিনি।কিমের এই সোনা জয়ের আনন্দে উদ্বেলিত সারা দেশ। লন্ডন অলিম্পিকে এটি উত্তর কোরিয়ার দ্বিতীয় সোনা। ওই সোনাটিও এসেছে ভারোত্তোলনে। রোববার ৫৬ কেজিতে সেটি জিতেছেন স্বদেশি ওম ইয়ুন-চোল। এই জয়ে কিম ধন্যবাদ দিলেন দেশের কিংবদন্তি নেতা দ্বিতীয় কিম জং-ইল এবং তাঁর ছেলে কিম জং-উনকে, ‘এখানে লুকানোর কিছু নেই। আমাদের মহান নেতা কিম জং-ইল এবং কমরেড কিম জং-উন আমার সোনা জেতায় অনেক সাহায্য করেছেন।’ গত বছর প্যারিসে বিশ্ব ভারোত্তোলনে কিম অল্পের জন্য ভুল করে বসেছিলেন ক্লিন অ্যান্ড জার্কে। এবার আর ভুল করেননি। সোনা জিতে দেশকে উপহার দিলেন সোনালি হাসি। এএফপি।