ভার্টের স্বপ্নভঙ্গ
বিশ্বকাপ স্বপ্নভঙ্গের মিছিলে এবার যোগ হলো রাফায়েল ফন ডার ভার্টের নাম। চোটের কারণে বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে পড়লেন হল্যান্ডের ৩১ বছর বয়সী মিডফিল্ডার। স্বাস্থ্যপরীক্ষার পর পরশু হল্যান্ড কোচ লুইস ফন গালই নিশ্চিত করেছেন, হামবুর্গ অধিনায়ক ব্রাজিলগামী দলে থাকছেন না। এ নিয়ে হল্যান্ডের তিনজনের বিশ্বকাপস্বপ্ন কেড়ে নিল চোট। চোটের কারণে এর আগেই ব্রাজিলে যাত্রা নাস্তি হয়েছে রোমার মিডফিল্ডার কেভিন স্ট্রুটম্যান ও পিএসজির ডিফেন্ডার গ্রেগরি ফন ডার ভিলের। হল্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প করেছে পতুর্গালে। সেখানেই অনুশীলনের সময় ডান পায়ের পেশিতে চোট পান দেশের হয়ে ১০৯টি ম্যাচ খেলা ফন ডার ভার্ট। ২০০১ সালে জাতীয় দলে অভিষেকের পর তিনটি ইউরো ও দুটি বিশ্বকাপ খেলেছেন। ২০১০ বিশ্বকাপ এবং ২০১২ ইউরোতে ছিলেন সহ-অধিনায়ক। অভিজ্ঞ এই মিডফিল্ডার ছিটকে পড়ায় ওয়েসলি স্নাইডারের ২৩ সদস্যের দলে থাকাটা একরকম নিশ্চিত হয়ে গেল। এএফপি।