প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিছুতেই দিনক্ষণ মেলাতে পারছিলেন না। বছরজুড়ে ইংলিশ লিগের ব্যস্ত মৌসুম, দম ফেলার ফুরসত কই? ভেবেছিলেন মৌসুম শেষে শুভ কাজটা সেরে ফেলবেন। কিন্তু তখন কি ভেবেছিলেন ইংল্যান্ড দলে সুযোগ পেয়ে যাবেন? লেস্টার সিটির স্ট্রাইকার জেমি ভার্ডি ইউরোতে খেলবেন, মৌসুমের শুরুতে সেটা ভাবা মুশকিলই ছিল। তাড়াহুড়ো করে তাই আজ বিয়ের দিন ঠিক করেছেন। প্রেমিকা রেবেকা নিকলসনের সঙ্গে আজই গাঁটছড়া বাঁধার কথা। সে জন্য আপাতত ইংল্যান্ডের দল থেকে কদিনের জন্য ছুটি নিয়েছেন। সামনের শনিবার অস্ট্রেলিয়ার সঙ্গে প্রীতি ম্যাচেও থাকবেন না। কিন্তু আনন্দের আতিশয্যে ভার্ডি যাতে বাড়াবাড়ি না করেন, সে জন্য সতর্ক করে দিয়েছেন ইংলিশ কোচ রয় হজসন। জানিয়ে দিয়েছেন, অনুশীলনে যোগ দেওয়ার পর ভার্ডিকে একদম প্রস্তুত দেখতে চান। বেচারা ভার্ডি ঠিকমতো আনন্দটাও করতে পারছেন না! মেইল অনলাইন।