ভালকের 'নরক যন্ত্রণা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল বিশ্বকাপ নিয়ে কম যন্ত্রণা পোহাতে হয়নি ফিফা কর্তাদের৷ স্টেডিয়াম সংস্কার, নির্মাণকাজ, প্রস্তুিতসহ যাবতীয় কাজ নির্ধারিত সময়ে শেষ হবে কি না, এই নিয়ে সংশয়ের শুরু বছর দুয়েক আগেই৷ এমনকি ব্রাজিল থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার কথাও উঠেছে টুকটাক৷ শেষ পর্যন্ত বিশ্বকাপ ব্রাজিলেই হচ্ছে৷ তবে এর জন্য নরক যন্ত্রণার ভেতর দিয়ে যেতে হয়েছে ফিফার৷ স্বয়ং ফিফার সাধারণ সম্পাদক জেরম ভালকে বলছেন এই কথা৷
লাতিন আমেরিকার মানুষ, জীবনযাত্রা, আচরণ, কোনো কোনো ক্ষেত্রে সংস্কৃতির সঙ্গে অনেকটাই মিল উপমহাদেশের সঙ্গে৷ শুধু নির্মাণকাজের ধীরগতিই নয়, ব্রাজিলে অভ্যন্তরীণ আরও অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে ফিফাকে৷ লুসানে এক অনুষ্ঠানে ভালকের কথায় উঠে এল সেটাই, ‘ব্রাজিলে কিছু কিছু রাজনীতিক আছেন যাঁরা বিশ্বকাপের বিরুদ্ধে৷ আমাদের নরকের ভেতর দিয়ে যেতে হয়েছে৷ ব্রাজিলে তিনটি রাজনৈতিক স্তর, নির্বাচনের পর সেখানে নেতৃত্বে পরিবর্তন আসে এবং আমরা আর আগের লোকদের সঙ্গে কথা বলতে পারছিলাম না৷ একই বার্তা বারবার দেওয়া ছিল কঠিন ব্যাপার৷’
আয়োজকদের আচরণে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন ভালকেরা, ‘ব্রাজিলে বিশ্বকাপ আয়োজন তো আর ফিফা করছে না, করছে ব্রাজিল৷ আমরা ব্রাজিলকে সহায়তা করছি যাতে আয়োজন সফল হয়৷ কারণ বিশ্বকাপ সাফল্যের ওপরই নির্ভরশীল ফিফা৷ আয়োজন ব্যর্থ হলে, আমরা মানে ফিফা বিপদে পড়ে যাব৷’
নিয়ম অনুযায়ী গত ডিসেম্বরে সবগুলো স্টেডিয়াম ফিফাকে বুঝিয়ে দেওয়ার কথা ব্রাজিলের৷ কিন্তু সবগুলো বুঝিয়ে দেওয়া হয়নি এখনো, সেগুলোর কাজ শেষ হতে লেগে যেতে পারে ১৫ মে৷ বিশ্বকাপের তখন বাকি থাকবে এক মাসেরও কম! ‘প্রত্যাশার চেয়ে খানিকটা দেরিতে স্টেডিয়াম পাচ্ছি আমরা, কিন্তু আমরা জানি পরিবর্তিত পরিস্থিতিতে কীভাবে মানিয়ে নিতে হয়’—উপায়ান্তর না দেখেই হয়তো বলেছেন ফিফার সাধারণ সম্পাদক৷ তবে এটা যে বারবার চলবে না, সেটা মনে করিয়ে দিয়েছেন ২০১৮ বিশ্বকাপের আয়োজক রাশিয়াকে, ‘একটি আনুষ্ঠানিক বার্তার কথা যদি বলা হয়, আমি বলব রাশিয়া যেন ১৫ মেতে স্টেডিয়াম বুঝিয়ে দেওয়াকে উদাহরণ হিসেবে না নেয়৷ আশা করি, তারা বেঁধে দেওয়া মেয়াদকে সম্মান জানাবে৷’ মজার ব্যাপার হলো, আসলে ১৫ মে তারিখেও সব কাজ শেষ হবে না৷ এমনকি বিশ্বকাপ শুরু হওয়ার সময় কুইয়াবার মতো দু-একটি জায়গায় শেষ মুহূর্তের কাজ চলবেই!
অনুষ্ঠানে আরও একবার উঠে এসেছে কাতার বিশ্বকাপ প্রসঙ্গ৷ ভালকে আবারও জানিয়েছেন শীতকালেই হবে ২০২২ বিশ্বকাপ৷ তবে প্রথাগতভাবে ১২ স্টেডিয়ামে নয়, কাতারে খেলা হবে আটটি স্টেডিয়ামে, ‘আমরা সবাই এটি বারবারই বলে যাচ্ছি, ওই বিশ্বকাপ শীতকালেই হবে৷ এখন স্রেফ ঠিক করতে হবে শীতকালে কোন সময়টায় বিশ্বকাপ হবে৷ আগামী মার্চের মধ্যে নির্বাহী কমিটি সময় ঠিক করে ফেলার চেষ্টা করবে৷ তবে কাতারের মতো দেশে ১০-১২টি স্টেডিয়ামে খেলা আয়োজনের মানে নেই৷ দেশের আয়তনের কথা ভাবলে আটটি স্টেডিয়ামই যথেষ্ট৷’ এএফপি৷