ভালদানোর বিপক্ষে জিতলেন মরিনহো
চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়েছেন সেমিফাইনালেই। স্প্যানিশ লিগও জেতা হয়নি। মৌসুমের পাঁচটি এল ক্লাসিকোর মাত্র একটিতেই জিততে পেরেছেন। তবে হোর্হে ভালদানোর সঙ্গে লড়াইয়ে হোসে মরিনহোই জিতলেন। রিয়াল মাদ্রিদ মহাপরিচালকের পদ থেকে বরখাস্ত করেছে ভালদানোকে। শুধু ভালদানোকে বরখাস্ত করাই নয়, ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ রিয়াল মাদ্রিদকে নতুন করে সাজানোর কথাও বলেছেন। রিয়ালকে ইংল্যান্ডের ক্লাবগুলোর আদল দেওয়ার কথা ভাবা হচ্ছে। এতে মরিনহোর ক্ষমতা ও স্বাধীনতা দুইই আরও বাড়বে। নতুন কাঠামো গড়ার প্রথম পদক্ষেপ রিয়াল মাদ্রিদ হয়তো নেবে জিনেদিন জিদানকে স্পোর্টিং ডিরেক্টর পদে নিয়োগ দিয়ে। রিয়াল মাদ্রিদের সাবেক প্লে-মেকার এখনো রিয়াল মাদ্রিদে আছেন বিশেষ দায়িত্ব নিয়ে। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলা জিদান গত বছরই হয়েছেন ক্লাব সভাপতির বিশেষ উপদেষ্টা।ভালদানোর বরখাস্ত হওয়াকে মরিনহোর জয় বলার যথেষ্ট কারণ আছে। ভালদানো কখনোই চাননি মরিনহো রিয়ালের কোচ হোন। মরিনহোর ফুটবল স্টাইল পছন্দ নয় রিয়াল মাদ্রিদের সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকারের। মরিনহো রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার আগেও ভালদানো তাঁর কৌশল নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনা করেছেন। মরিনহো কোচ হওয়ার পরপরই দুজনে লেগে যায় ঠোকাঠুকি। গত জানুয়ারি মাসের দিকে ভালদানো মরিনহোর সমালোচনা করেছিলেন করিম বেনজেমাকে বেঞ্চে বসিয়ে রাখার জন্য। মরিনহোও কড়া কথায় দিয়েছিলেন এর জবাব। একপর্যায়ে ভালদানো তো স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন, মরিনহোর সঙ্গে কাজ করা সম্ভব নয়। ভালদানোকে বরখাস্ত করার পর সভাপতি পেরেজ তড়িঘড়ি করে ডাকেন সংবাদ সম্মেলন। সেই সংবাদ সম্মেলনে অবশ্য তিনি ‘মরিনহোর চাওয়া অনুসারে ভালদানোকে বরখাস্ত করা হয়েছে কি না’ প্রশ্নের উত্তরে বলেছেন, ‘মরিনহো কোনো কিছু চাননি। তিনি শুধু আরও স্বাধীনতা চেয়েছেন, ইংল্যান্ডের ক্লাবগুলোতে যেমনটা পায় ম্যানেজাররা।’মরিনহো নিজেকে দাবি করেন ‘বিশেষ একজন’। আর ভালদানোর ফুটবলবিশ্বে পরিচিতি ‘ফুটবল দার্শনিক’ হিসেবে। এক বনে দুই বাঘ? অসম্ভব!—সংবাদ সম্মেলনে পেরেজের কথার ধরনটা ছিল এ রকমই, ‘শক্তিশালী দুই ক্রীড়া চরিত্র তারা। আর দুজনের মধ্যে যে ঐক্যটা থাকা দরকার ছিল, সেটা আসলে ছিল না। গত মৌসুমজুড়ে আপনারা তো সব দেখেছেন। আমাদের কিছু একটা করতেই হতো।’ এএফপি।