ভালদেসের বিদায়ী চিঠি
১৪ বছর আগে কোনো এক শুভক্ষণে বার্সেলোনার সঙ্গে নিজের জীবনটাকে জড়িয়ে নিয়েছিলেন ভিক্টর ভালদেস। তারপর ক্লাবের ‘সি’ দল, ‘বি’ দল হয়ে বছর দুয়েকের মধ্যেই মূল দলে। পরের এক যুগ বার্সেলোনা গোলপোস্টের অতন্দ্র প্রহরী হয়ে রইলেন স্প্যানিশ এই গোলরক্ষক। প্রিয় ক্লাবের সঙ্গে সেই সম্পর্কটা অবশেষে ছিন্ন হলো গতকাল। আনুষ্ঠানিকভাবে চিঠি লিখে ক্লাবকে বিদায় বললেন চোটের কারণে বেশ কিছুদিন ধরে মাঠের বাইরে থাকা বার্সা গোলরক্ষক। ওয়েবসাইট।
ক্লাবের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত আবেগঘন চিঠিতে ভালদেস বার্সাকে বিদায় জানানোর পাশাপাশি ধন্যবাদ দিয়েছেন সাবেক কোচ লুই ফন গাল, ফ্রাঙ্ক রাইকার্ড, পেপ গার্দিওলা, টিটো ভিলানোভা ও সমর্থকদের। বিদায়ী চিঠিতে বার্সা গোলরক্ষক লিখেছেন, ‘সবাইকে বিদায় বলার সময় হয়েছে । মাঠ থেকেই আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে চেয়েছিলাম কিন্তু চোট আমাকে সেটি করতে দিল না। এটাই জীবন। আমাকে মেনে নিতে হবে। চলতি মৌসুম আমার জন্য খুবই বাজে গেছে। বিদায়ের এটাই ভালো সময়।’