
ক্রিকেটের আঙিনায় কীর্তির অভাব ছিল না। ঢাকা লিগে ৫-৭ উইকেট নিয়েছেন অনেকবার। গতি আর বাউন্সে ব্যাটসম্যানদের কাঁপিয়েছেন আরও বেশি। বাংলাদেশ ক্রিকেটের হাঁটি হাঁটি পা পা করার দিনগুলোতে তাঁর ছিল সদর্প বিচরণ। ১৯৭৯ সালে প্রথমবারের মতো আইসিসি ট্রফিতে অংশ নেওয়া বাংলাদেশ দলের সদস্য ছিলেন। সুঠামদেহী ফাস্ট বোলার ছিলেন বলে অনেকে বলতেন ‘জায়ান্ট’। শরীরের চেয়েও অনেক বড় ছিল তাঁর হৃদয়। জিয়াউল ইসলাম মাসুদের স্মরণসভায় সেটিই ঘুরেফিরে এল বারবার। ক্রিকেটার হিসেবে অনেক বড় ছিলেন, তাঁর চেয়েও অনেক বড় মানুষ। ক্রিকেট সংগঠক ও বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম (ববি) যেমন বললেন, ‘জেন্টল জায়ান্ট।’
স্মরণসভার আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)। শাহবাগ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সদ্যপ্রয়াত এই ক্রিকেটার ও আম্পায়ারের কীর্তিময় জীবনের স্মৃতিচারণা করলেন তাঁর সাবেক সতীর্থ, উত্তরসূরি, কর্মক্ষেত্রের সঙ্গীদের কজন। আহমেদ সাজ্জাদুল আলম ছাড়াও ছিলেন সাবেক তিন জাতীয় অধিনায়ক শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন ও মিনহাজুল আবেদীন, সাবেক অলরাউন্ডার ওমর খালেদ রুমি, ব্যাটসম্যান ইশতিয়াক আহমেদ, সাবেক পেসার সামিউর রহমান ও প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র। এক সময়ের নামী ক্রীড়া সাংবাদিক নাজমুল আমিনের (কিরণ) ব্যক্তিগত সংগ্রহের দুর্লভ সব পেপার কাটিং ও ছবির প্রদর্শনী পুরো আয়োজনকে দিয়েছিল ভিন্ন মাত্রা।
বোলার জিয়াউল ইসলাম মাসুদের গতির কথা শোনালেন শফিকুল হক হীরা, কিপার ছিলেন বলে ভালোই সইতে হয়েছে সেই গতির তোড়। ওমর খালেদ রুমি, ইশতিয়াক আহমেদরা স্মৃতিচারণা করলেন, ভয়ংকর বোলিংয়ে ব্যাটসম্যানদের মনে কীভাবে কাঁপন ধরাতেন বোলার মাসুদ। লম্বা স্পেলে বোলিং করতে পারার প্রসঙ্গও এল বারবার। গাজী আশরাফ হোসেন শোনালেন এক স্পেলে টানা ২০ ওভার বোলিং করার অবিশ্বাস্য গল্প। তবে সবার কথাতেই ক্রিকেটার মাসুদের চেয়ে অনেকটা বেশি জুড়ে থাকল মানুষ মাসুদের গুণাবলি। তাঁর বিনয়, অন্যের প্রতি শ্রদ্ধাবোধ। মৃত্যুর ২৪ ঘণ্টা আগেও দেখা হওয়ার কথা বলতে গিয়ে কাঁদলেন মিনহাজুল। উৎপল শুভ্র বললেন, ‘মাসুদ ভাই জেনুইন ফাস্ট বোলার ছিলেন, এটা পড়ে জেনেছি। আর দেখে জেনেছি, তিনি ছিলেন জেনুইন মানুষ।’
একটা আক্ষেপের কথাও বললেন সাবেক বিসিবি পরিচালক গাজী আশরাফ। জিয়াউল ইসলাম মাসুদের মতো একজনকে নিয়ে স্মরণসভা আয়োজন করার কথা তো সবার আগে ক্রিকেট বোর্ডেরই। অথচ বিসিবি তা করেনি, ক্রিকেটারদের সংগঠনও নয়।
বিসিএসএর এই উদ্যোগ তাই আরও বেশি প্রশংসা দাবি করে।