ভালো দিনের প্রত্যাশা নিয়ে বেঙ্গালুরুতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ প্রান্ত থেকে ‘হ্যালো’ বলারও সুযোগ দিলেন না। ফোন ধরেই তামিম ইকবালের প্রশ্ন, ‘অমিতাভ বচ্চন নাকি আমাদের নিয়ে অনেক কথা বলেছেন। জানেন নাকি কিছু?’
গত বুধবার প্রথম আলোতেই ছাপা হয়েছে ‘বিগ বি’র সেই সাক্ষাৎকার। বাংলাদেশের ক্রিকেট আর ক্রিকেটারদের নিয়ে রুপালি পর্দার কিংবদন্তির মুগ্ধতার কথা আছে তাতে। অমিতাভ বাংলাদেশ দলের প্রায় সব খেলোয়াড়ের নাম জানেন। সাকিবকে নিয়ে তাঁর বিশ্বাস, এই খেলোয়াড় চোখ বুজে বিশ্বের যেকোনো দলে ঢুকে যাবেন। তামিমের ব্যাটিংয়ের আক্রমণাত্মক মেজাজের ভক্ত তিনি। টেলিভিশনে তামিমের ব্যাটিং দেখেই বুঝে ফেলেন ব্যাটিংয়ের সময় তাঁর চোখ জোড়া থাকে ঠিক বলের ওপর। মুস্তাফিজের বোলিং চোখ জুড়িয়ে দেয়, মাশরাফির নেতৃত্বই দলটাকে রাখে চাঙা!
মুঠোফোনে অমিতাভের সাক্ষাৎকারের চুম্বক অংশ শুনিয়ে কৌতূহল মেটানো হলো তামিমের। কৌতূহল তো মিটলই, তামিম সব শুনে একটু যেন আবেগতাড়িতও। কিছুক্ষণ চুপ থেকে মুখ খুললেন, ‘কী বলব! তাঁর মতো এত বড় ব্যক্তিত্ব...। ওনার মুখে আমাদের নাম শোনাটা অনেক বড় পাওয়া।’
অমিতাভের সাক্ষাৎকারটি যেদিন কাগজে ছাপা হয়েছে, সেদিনই ইডেন গার্ডেনে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। পাকিস্তানের ২০১ রানের নিচে চাপা পড়ে ৫৫ রানের হার। তবে কলকাতা থেকে বেঙ্গালুরু যাওয়ার ফ্লাইটে কাল ওই হারের বিষাদ নিয়ে ওঠেনি তারা। তামিমের ভাষায়, ‘আমরা ওটা নিয়ে আর ভাবছি না। একটা বাজে দিন যেতেই পারে। টি-টোয়েন্টিতে প্রতিপক্ষ দুই শ রান করে ফেললে আসলে আর কিছু করার থাকে না। আগে ব্যাট করে আমরা দুই শ করলে ওরাও এভাবে হারত।’
পাকিস্তানের ২০১ রানে ইডেনের ব্যাটিংবান্ধব উইকেটের সঙ্গে নিজেদের বোলারদের দায়ও দেখেন তামিম। তবে কাঠগড়ায় দাঁড় করাননি কাউকে। এখানেও একই কথা-একটা বাজে দিন গেছে। বোলাররা নিশ্চয়ই ভুল শুধরে আরও তেজি হয়ে উঠবেন সামনের ম্যাচগুলোয়। শুনে মনে হলো, ইডেন গার্ডেনের ব্যর্থতার জ্বালা বুঝি গঙ্গায় ছুড়ে ফেলেই বেঙ্গালুরু গেছেন তামিমরা।
কিন্তু ২১ মার্চের ম্যাচের প্রতিপক্ষ যে অস্ট্রেলিয়া। পাকিস্তানের ব্যাটসম্যানদের সামনে ও রকম ঝড়ের মধ্যে পড়া দল কতটা আত্মবিশ্বাসী থাকতে পারবে তাদের বিপক্ষে? তামিম কিন্তু আশাবাদী, ‘মনে হয় না এটা কারও আত্মবিশ্বাসে কোনো চাপ ফেলবে। আমাদের বোলাররা বেশ কিছুদিন ধরেই ভালো বল করছে। একটা ম্যাচে খারাপ করতেই পারে। তবে আত্মবিশ্বাস নষ্ট হওয়ার মতো কিছু হয়নি।’
হারটুকু বাদ দিলে কলকাতার ম্যাচ থেকে বড় এক প্রাপ্তিই দেখছেন তামিম। সাকিব আল হাসানকে ফিরে পাওয়া। অস্ট্রেলিয়া, ভারত আর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে হবে সামনে। তার আগে সাকিবের ফর্মে ফেরাও তামিমকে আশাবাদী করছে, ‘খুব ভালো ইনিংস খেলেছে সাকিব। ওকে ফর্মে ফিরতে দেখে ভালো লাগছে। সামনে বড় বড় ম্যাচ আছে। তার আগে সাকিবের এ রকম একটু কিছুর দরকার ছিল।’ কিন্তু মুশফিক যে এখনো...। প্রসঙ্গটা তামিম ঠিকভাবে তুলতেই দিলেন না, ‘এ ব্যাপারে আলোচনারই দরকার নেই। এটা কোনো ব্যাপার না। একটা ইনিংস লাগবে ওর ফর্মে ফিরতে। ইনশা আল্লাহ, খুব দ্রুতই সে রকম কিছু দেখবেন।’
সময়টা যতই খারাপ যাক, তামিমের দৃষ্টিতে মুশফিকই বাংলাদেশের সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান। তাঁর কাছে এ রকম প্রত্যাশা থাকবেই। তবে সামনের ম্যাচগুলোয় প্রত্যাশা শুধু মুশফিককে ঘিরেই নয়। তামিমসহ দলের সবারই মনেপ্রাণে বিশ্বাস, পাকিস্তানের কাছে এক হারে মোটেই শেষ হয়ে যায়নি বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ধর্মশালার মতো বেঙ্গালুরু-কলকাতা থেকে তুলে নেওয়ার আছে আরও কিছু সাফল্যের ফুল। সে ফুলের সৌরভে সুরভিত হবে ১৬ কোটি মানুষ। সুরভিত হবেন অমিতাভ বচ্চন নামে মুম্বাইয়ের ৭৩ বছর বয়সী এক বাংলাদেশ ভক্তও।