তৃতীয় নয়ন: সাবেক ফুটবল তারকা ও কোচ গোলাম সারোয়ার টিপু লিখছেন প্রথম আলোয়
ভালোই তো খেলল আর্জেন্টিনা

আর্জেন্টিনার খেলা দেখে অনেকেই দেখছি অতৃপ্ত। কেউ কেউ ‘আর্জেন্টিনা কী খেলল’ এমন প্রশ্নও তুলে দিচ্ছে। কারও মতে, এমন খেললে চ্যাম্পিয়ন হওয়ার আশা পরিণত হবে দুরাশায়।
সবার মতের প্রতিই আমার শ্রদ্ধা আছে। তবে মনে রাখা দরকার, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে এসেছে। বসনিয়ার স্বপ্ন অত উঁচুতে নয়। নিজেদের প্রথম বিশ্বকাপকে ওরা চাইবে স্মরণীয় করে রাখতে। কাজেই প্রথম ম্যাচটা ট্যাকটিক্যালি দুই দল দুই রকমভাবে খেলেছে। যে কারণে আর্জেন্টিনা হয়তো সমর্থকদের মন ভরাতে পারেনি।
তবে খারাপ কই, আমি বলব, ভালোই খেলেছে সাবেলার দল। বসনিয়াকে আপনি বাহবা দেবেন না! দারুণ ফুটবল খেলেছে ওরা। প্রথমবারের মতো বসনিয়া সর্বোচ্চ মঞ্চে খেলতে এসেছে। প্রতিপক্ষকে ছাড় দেবে কেন! দেয়ওনি। আর সেই বাধা এড়িয়েই আর্জেন্টিনাকে শুভসূচনা করতে হতো এ ম্যাচে। সেদিক থেকে বলল, আর্জেন্টিনা তা করতে পেরেছে। যেটিকে বলা উচিত ‘সতর্ক শুরু’।
দুবারের চ্যাম্পিয়নদের ছন্দ পেতে একটু হতে সময় লাগবে, এই যা। এমনটা হয়েই থাকে। প্রথমার্ধে দেখুন, আর্জেন্টিনার রক্ষণ খুবই জমাট ছিল। গোল না খাওয়ার পণ করে বাড়তি সতর্কতা। মাচেরানো মাঝখান থেকে রক্ষণ আর মিডফিল্ডের মধ্যে সেতু হয়ে কাজ করছিলেন। ডি মারিয়াকে এ অর্ধে কম ব্যবহার করা হয়েছে, যাতে দ্বিতীয়ার্ধে তরতাজা থেকে খেলতে পারেন। প্রথমার্ধে আগুয়েরোকে বেশি ব্যবহার করা হয়েছে। আমার ধারণা, এটা কোচ সাবেলার কৌশলও হতে পারে।
ফুটবল তো কৌশলের খেলাও। যেটিকে প্রাধান্য দিয়ে বসনিয়া শারীরিক শক্তি প্রয়োগ করে অহেতুক ধাক্কাধাক্কিতে যায়নি। হন্ডুরাস যা করেছে ফ্রান্সের বিপক্ষে। বসনিয়ার খেলায় আলাদা করে চোখে পড়েছে, ওরা ম্যান টু ম্যান মার্কিং করল। খেলোয়াড়েরা যে যাঁর অঞ্চলে প্রতিপক্ষ খেলোয়াড়কে এতটুকু জায়গা ছাড়েননি।
তবু আর্জেন্টিনা জিতল ব্যক্তিগত নৈপুণ্যে। একজন মেসি, একজন পিরলোই আসলে ব্যবধান হয়ে দাঁড়ান। মেসি এমন এক খেলোয়াড়, একটু উনিশ-বিশ খেললেই তাঁর সমালোচনা হবে। অন্য দলগুলো মাঠে নামে তাঁকে আটকানোর ছক কষে, এটা বুঝতে হবে। মেসিকে নিষ্প্রভ করে রাখার দায়িত্ব কোচ যাঁর ওপর দেন, তিনি জীবন বাজি রেখে সফল হতে চাইবেনই। সফল হওয়া মানে পরের মৌসুমে রিয়াল-বায়ার্নের মতো বড় কোনো দল থেকে প্রস্তাব পাওয়া। সুতরাং ওই খেলোয়াড়টি মেসিকে রুখতে সব ঢেলে দেন মাঠে।
তা ছাড়া মেসিও মানুষ। সব সময় যা চাইবেন সেটা না-ও হতে পারে। এত কিছুর পরও মেসি-ঝলক ঠিকই দেখলাম। অসম্ভব সুন্দর গোল করে যাত্রা শুরু করেছেন নিজের তৃতীয় বিশ্বকাপে। গোলের জন্য জায়গা বানাতে যা কিছু করা দরকার ছিল, সবই করেছেন। মনে রাখা প্রয়োজন, মেসি অনেক সময় ড্রিবল করে বল কাকে দেবেন খুঁজছিলেন, বার্সেলোনায় হয়তো সতীর্থরা ভালোভাবে মেসিকে সহায়তা করতে পারেন এ কাজে। আর্জেন্টিনা দলে অতটা আশা করা যায় না। তার পরও এদিন বসনিয়ার কড়া পাহারার মধ্যেও তিনি গোল ঠিকই আদায় করে নিয়েছেন।
এ প্রসঙ্গে বলব, টিভিতে আমরা অনেক কিছুই দেখি না। বলের পেছনেই ক্যামেরা ঘোরে, বলের বাইরে কী ঘটছে সেটা আমাদের অজানা। মেসিকে যে খেলোয়াড়টি কভার করছে, তিনি কীভাবে নিজের কাজটা করছেন, কত দূর থেকে আসছেন, সেটাও আমরা টিভিতে দেখি না। কাজেই ম্যাচটা চুলচেরা বিশ্লেষণ করা একটু দুরূহই । যতটুকু পর্দায় দেখি তার ভিত্তিতে কোন বিষয়ে রায় দিয়ে দেওয়া, অমুক দল খুব খারাপ খেলেছে এমন সিদ্ধান্তে পৌঁছা কঠিন।
যতটুকু দেখলাম, আর্জেন্টিনা ২-০ করার পর ওদের রক্ষণ একটু অবিন্যস্ত হয়ে যায়। দল জিততে চলেছে মোটামুটি নিশ্চিত হওয়ার পর রক্ষণের বাঁধনটা ছুটে যায় অনেক সময়। গোল খেয়ে যেটার মূল্য দিতে হয়েছে আর্জেন্টিনাকে। আবার গোল খাওয়ার পর সতর্ক হয়ে গেছে ওই রক্ষণ। তারা বসনিয়ার সেরা অস্ত্র জেকোকে জায়গা দেয়নি। অতিসতর্কতায় আর্জেন্টাইন ডিফেন্ডাররা প্রথম দিকে বেরই হতে চাননি। ওই যে বললাম, শুভসূচনার আকাঙ্ক্ষা! সব মিলিয়ে আর্জেন্টিনাকে নিয়ে হতাশ হওয়ার কিছু নেই।
ফ্রান্স বরং হন্ডুরাসের বিপক্ষে ৩-০ গোলে জিতলেও ওদের খেলায় ধারটা পেলাম না। এখানেই মজাটা। আর্জেন্টিনার ২-১ জয়ে অনেকে খুশি নন। তাহলে ফ্রান্সের বড় জয়ে বলবেন ফ্রান্স খুব ভালো খেলেছে? বলতে পারেন। তবে স্কোরলাইন সব সময় ম্যাচে আসল ছবি তুলে ধরে না।