ভালো অবস্থানে খুলনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার বোলারদের সামনে তাসের ঘরের মতোই ভেঙে পড়ল ঢাকার প্রথম ইনিংসটা। চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে মাত্র ১১১ রানে অলআউট তারা। দ্বিতীয় দিনশেষে ৩ উইকেটে ১৯৮ রান তুলে কালই খুলনার লিড ৩২৭ রানের। বগুড়ায় ১২৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ব্যাট করছে চট্টগ্রাম। রাজশাহীর বিপক্ষে দিনশেষে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান তাদের। এর আগে রাজশাহীর প্রথম ইনিংস শেষ হয়েছে ২৫৮ রানে।চট্টগ্রামে খুলনার দুই পেসার রবিউল ইসলাম আর ডলার মাহমুদ মিলে ইনিংসের শুরুতেই ধসিয়ে দিয়েছেন ঢাকাকে। ৬২ রানে ৭ উইকেট পড়ার পর সপ্তম উইকেটে ৪৫ রানের জুটি গড়ে শুভগত-নাদিফ সাময়িক বিপর্যয় সামলালেও শেষ রক্ষা হয়নি। ৩০ রানে ৫ উইকেট পেয়েছেন রবিউল, ডলার আর তাপসের উইকেট দুটি করে। ওপেনার অমিত মজুমদার (৬৮) ও মোহাম্মদ মিঠুনের (৬২) ফিফটিতে দিনশেষে মোটামুটি ভালো অবস্থানে খুলনা। দলের ৬৯ রানে ওপেনার তাপস ঘোষ আউট হয়ে ফিরে গেলে দ্বিতীয় উইকেটে অমিত-মিঠুন মিলে যোগ করেছেন ৯৬ রান।বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম ইনিংসে আগের দিনই ৪২ রানে ৩ উইকেট হারিয়েছিল রাজশাহী। সেখান থেকে চতুর্থ উইকেটে ১০১ রানের জুটি গড়ে দলকে কিছুটা হলেও ভালো অবস্থানে নিয়েছেন ফরহাদ হোসেন ও আনিসুর রহমান। ফিফটি করেছেন দুজনই। তবে এই জুটি ভাঙার পর রাজশাহী তাদের শেষ ৭ উইকেট খুইয়েছে মাত্র ১১৫ রানে। প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয়ে যাওয়া চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো করতে পারেনি। ৩৯ রানে ২ আর ১০০ রানে ৪ উইকেট হারায় নাফিস ইকবালের দল। চতুর্থ উইকেটে ফয়সাল হোসেন-রেজাউল করিমের ৬৪ রানের জুটি সেই পরিস্থিতি কিছুটা বদলেছে। দিনশেষে ৬২ রানে অপরাজিত ফয়সাল। রাজশাহীর সাকলাইন সজীব ৫৩ রানে নিয়েছেন ২ উইকেট।