প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ৪৪৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ফলোঅনের লজ্জা এড়াতে পারেনি ইংল্যান্ড। দুই কিউই পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২০৪ রানে। তবে ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়নি স্বাগতিক নিউজিল্যান্ড। নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তিনটি উইকেট হারিয়েছে কিউইরা। সংগ্রহ করেছে ৩৫ রান। এর ফলে অকল্যান্ড টেস্টের তৃতীয় তিন শেষে নিউজিল্যান্ড এগিয়ে আছে ২৭৪ রানে।২ উইকেটে ৫০ রান নিয়ে অকল্যান্ড টেস্টের তৃতীয় দিন শুরু করেছিল ইংল্যান্ড। দিনের প্রথমভাগেই আরও তিনটি উইকেট হারায় অ্যালিস্টার কুক বাহিনী। একে একে সাজঘরে ফেরেন নিক কম্পটন, ইয়ান বেল ও জনি বেয়ারস্ট্রো। সেসময় ইংলিশ স্কোরবোর্ডে জমা হয়েছিল মাত্র ৭২ রান। ষষ্ঠ উইকেটে ১০১ রানের লড়াকু জুটি গড়ে খানিকটা ঘুরে দাঁড়িয়েছিলেন ম্যাট প্রায়র ও জো রুট। দলীয় ১৭৩ রানের মাথায় এই জুটি ভাঙতে সক্ষম হন বাঁহাতি পেসার নেইল ওয়াগনার। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলে ফিরে যান ম্যাট প্রায়র। এরপর আর কোনো প্রতিরোধ গড়তে পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। খুব দ্রুতই স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন ও জেমস অ্যান্ডারসনের উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট। ৪৫ রান করে দলের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন জো রুট। ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ২০৪ রানে।প্রথম ইনিংসে ২৩৯ রানের বড় ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে নিউজিল্যান্ড। তবে তৃতীয় দিনের শেষভাগে নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোভাবে করতে পারেনি স্বাগতিকেরা। মাত্র ৮ রান সংগ্রহ করতেই সাজঘরে ফিরেছেন হ্যামিশ রাদারফোর্ড, কেন উইলিয়ামসন ও রস টেলর। দিনের বাকি সময় অবশ্য নির্বিঘ্নেই পার করতে পেরেছেন পিটার ফুলটন ও ডিন ব্রাউনলি। তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৩৫ রান।