শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টটা ১০ উইকেটের বড় ব্যবধানে হারলেও সিরিজের দ্বিতীয় টেস্টে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। কলম্বো টেস্টের দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে আছে কিউইরা। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ৪১২ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৪৩ রান সংগ্রহ করে আজ দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। সাজঘরে ফিরেছেন শ্রীলঙ্কার তিন অভিজ্ঞ ব্যাটসম্যান—তিলকরত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা ও অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।২ উইকেটে ২২৩ রান নিয়ে আজ কলম্বো টেস্টের দ্বিতীয় দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। তৃতীয় উইকেটে রস টেলর ও কেন উইলিয়ামসনের গড়া ২৬২ রানের জুটিটা ভাঙেন রঙ্গনা হেরাথ। ১৪২ রান করে সাজঘরে ফেরেন টেলর। তিন ওভার পরে উইলিয়ামসনের উইকেটও তুলে নেন এই বাঁহাতি স্পিনার। এরপর একে একে আরও চারজন কিউই ব্যাটসম্যানকে সাজঘরমুখী করেন হেরাথ। শেষপর্যায়ে ড্যানিয়েল ফ্লেনের ৫৩ রানের ইনিংসের সুবাদে স্কোরবোর্ডে ৪১২ রান যোগ করে নিউজিল্যান্ড। ডোউগ ব্রেসওয়েলের ২৪ ও জিতান প্যাটেলের অপরাজিত ২৫ রানের ইনিংস দুটিও ৪০০ রানের মাইলফলক স্পর্শ করতে সহায়তা করেছে কিউইদের। শ্রীলঙ্কার পক্ষে ছয় উইকেট নিয়েছেন রঙ্গনা হেরাথ।জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে লঙ্কানরা। দুই কিউই পেসার টিম সোউদি ও ট্রেন্ট বোউল্টের ভালো বোলিংয়ে প্রথম ছয় ওভারের মধ্যে মাত্র ১২ রান সংগ্রহ করতেই তিনটি উইকেট হারায় শ্রীলঙ্কা। চতুর্থ উইকেটে ৩১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে আজ দিনের বাকিটা সময় নির্বিঘ্নে পার করেছেন থারাঙ্গা পারানাভিতানা ও অ্যাঞ্জেলো ম্যাথুস।