ভালো করার প্রতিশ্রুতি ফেনী সকারের
৯টি দলের প্রিমিয়ার ফুটবল লিগে গত মৌসুমে সপ্তম হয়েছিল ফেনী সকার ক্লাব। অবনমন থেকে কোনো রকম রক্ষা পাওয়া দলটির কর্মকর্তারা কাল দলবদল করতে এসে আসন্ন মৌসুমে ভালো করার প্রতিশ্রুতি দিলেন।
বিজেএমসির পর দ্বিতীয় ক্লাব হিসেবে এবার দলবদল সারা ফেনী সকারের কোনো খেলোয়াড় অবশ্য বাফুফে ভবনে আসেননি। পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদীর হাতে আনুষঙ্গিক কাগজপত্র তুলে দেন ক্লাবের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন ভূঁইয়া।
ফেনী সকারের এবারের দলে রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল। যোগ দিয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের ছয় ফুটবলার—রাসেল, সাদ্দাম, মনজুর, নাজমুল, রুবেল ও মুরাদ। মুক্তিযোদ্ধা থেকে এসেছেন অভিজ্ঞ মিডফিল্ডার বিদ্যুৎ ও লিটন। এসেছেন শেখ রাসেলের গোলরক্ষক নেহাল, আরামবাগের স্ট্রাইকার তূর্য ও রহমতগঞ্জের মতিউর, বিজেএমসির রমজান। কাল পর্যন্ত মাত্র একজন বিদেশিকে নিবন্ধন করা হয়েছে—গত মৌসুমে খেলা বেনিনের স্ট্রাইকার ওয়াসু ওকালাওম। একেবারেই নতুন মুখ স্থানীয় লিগে খেলা ফকরুল, পারভেজ। পুরোনোদের মধ্যে আছেন মাসুদ, রনি, আলাউদ্দিন, মওদুদ, শরণ, শাহনুর, আলী হোসেন ও রিদন। জানা গেছে, সর্বোচ্চ আট লাখ টাকা পারিশ্রমিক পাচ্ছেন স্ট্রাইকার রিদন। ফেনী সকারের চোখ এবার বিদেশি কোচের দিকে। শেখ জামাল ধানমন্ডির কোচ গাম্বিয়ার ওমর কে সিসের সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে বলে জানিয়েছেন শাখাওয়াত ভূঁইয়া।