ভালো কিছু দেখাতে আত্মবিশ্বাসী: শচীন
ক্রিকেটে গত বছর ভারতের ব্যর্থতা নিয়ে মোটেও হতাশ নন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। সামনের দিনগুলোতে তাঁর দল ভালো কিছু দেখাবে বলে আত্মবিশ্বাসী তিনি। গতকাল বৃহস্পতিবার পিটিআইকে দেওয়া সাক্ষাত্কারে নিজের এই অনুভূতির কথা জানান শচীন।গত বছরের ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে ধবলধোলাই। মনে করেন, এ নিয়ে হতাশার কিছু নেই। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ফিরতি সফরে ঠিকই নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে ভারত।পিটিআইকে শচীন বলেন, ‘একটা বিষয় আমাদের মনে রাখা দরকার। আমরা যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেললাম, ওরা স্বাগতিক ছিল। ইংল্যান্ডও ঘরের মাটিতে খেলেছে। ফিরতি সফরে আমরাও ভালো করব। তাই বলে এটা বলার সুযোগ নেই যে ভারত শুধু দেশের মাটিতে ভালো খেলে। আমরা কেন সব সময় মুদ্রার একটা পাশ দেখি, সঠিক মূল্যায়ন হওয়া উচিত।’ শচীন বলেন, ‘আমি মনে করি যে এটা কোথাও গিয়ে ভালো খেলতে না পারার অজুহাত দাঁড় করানো নয়। বিদেশের মাটিতে আমাদের জেতা উচিত। এটা আমরা আগেও করেছি। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরটা আমাদের জন্য কঠিন ছিল। নিজেদের প্রস্তুতি ও ভালো ফল পেতে নিজেদের সর্বোচ্চ চেষ্টাটাই করতে হবে আমাদেরকে।’গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফর চলার সময় দলের খেলা দেখে কড়া এক মন্তব্য করেছিলেন পুনম পাণ্ডে। ভারতের আলোচিত-বিতর্কিত এই মডেল টুইটারে বলেছিলেন, ‘ভারতীয় ব্যাটসম্যানরা বিশ্বস্ত স্বামীর মতো। ঘরে ফিরলেই ভালো খেলে!’কথাটা খারাপ শোনালেও পুনম আসলে যথার্থই বলেছিলেন। দেশের মাটিতে ভারতীয় ক্রিকেটাররা ইস্পাতসম দৃঢ়। কিন্তু বিদেশের মাটিতে গেলেই যত দুর্বলতা বেরিয়ে আসে। এর অন্যতম প্রমাণ হয়ে আছে ভারতের সর্বশেষ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফর।ঘরের মাঠে বিশ্বকাপ জয় করে তখন আকাশে উড়ছিল মহেন্দ্র সিং ধোনির দল। বিশ্বজয়ের রেশ কাটতে না কাটতেই ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজে ৪-০ তে ধবলধোলাই হয় ভারত। এরপর অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজেও ভারতীয় দল একই ব্যবধানে ধবলধোলাই!