ভালো কিছুর আশায়...
মাশরাফির দুর্দান্ত বোলিংয়ের কথা মনে পড়ে। তামিম-ঝড়ের কথা মনে পড়ে। মনে পড়ে আশরাফুলের সেই স্কুপ শটগুলোও। কিন্তু কারও যেন মনেই পড়ে না, গত বিশ্বকাপে বাংলাদেশের দুটো জয়েই বড় অবদান ছিল আবদুর রাজ্জাকের! স্পিনে দুর্দান্ত ভারতের বিপক্ষে নিয়েছিলেন টেন্ডুলকার, যুবরাজ ও হরভজনের উইকেট। ৩ উইকেট দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও, ২৫ রানে। সেই দুই প্রতিপক্ষকে এবার গ্রুপ পর্বেই পাচ্ছে বাংলাদেশ। এবার কী করবেন রাজ্জাক?বাঁহাতি স্পিনার উত্তরটা ছেড়ে দিলেন সময়ের হাতে, ‘আশা তো করছিই ভালো কিছু করব। তবে উইকেট কয়টি পাব, সেটা আগে থেকে তো আর বলা যায় না। আমি অবশ্যই চেষ্টা করব আমার সেরাটা দেওয়ার। পারফরম্যান্স কেমন হবে, সেটা ম্যাচেই বোঝা যাবে।’গত বিশ্বকাপে রাজ্জাক ছিলেন সদ্য জাতীয় দলে ঢোকা এক তরুণ। সময়ের পরিক্রমায় সেই তরুণ এখন ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি, দলের সিনিয়র ক্রিকেটারদের একজন। বল হাতে দল যেমন তাঁর কাছে অনেক কিছু চায়, তেমনি চায় অভিজ্ঞতা দিয়ে পাশে দাঁড়াবেন তরুণদের। সংকটে জোগাবেন সাহস, দেখাবেন সঠিক পথ। রাজ্জাক অবশ্য নিজেকে আলাদা করে দেখতে রাজি নন, ‘দেখুন, জাতীয় দলে আসলে অনভিজ্ঞ বলে কিছু নেই। সবারই সমান দায়িত্ব। তার পরও আমার যতটুকু সম্ভব, সবাইকে সাহায্য করব।’দ্বিতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, স্বাভাবিকভাবেই চলে আসছে দুটি দলের তুলনাও। রাজ্জাক থাকতে চাইলেন বর্তমানেই, ‘ওই সময়ের পরিপ্রেক্ষিতে ওটাই ছিল সেরা দল। এই সময়ের ভিত্তিতে সেরা দল এটাই। তুলনা করা মুশকিল। তবে বাংলাদেশের ক্রিকেট এখন অনেক এগিয়েছে, কাজেই এই দলকেই ভালো বলতে হবে।’মাঠেও এর প্রমাণ দিতে পারবে তো বাংলাদেশ? গত বিশ্বকাপের পারফরম্যান্স আর দেশের মাটিতে খেলা মিলিয়ে প্রত্যাশার চাপটা এবার অনেক বেশি। কোয়ার্টার ফাইনাল ছাড়িয়ে সমর্থকদের অনেকের স্বপ্ন পৌঁছে যাচ্ছে সেমিফাইনাল-ফাইনাল পর্যন্ত। প্রত্যাশার চাপটা জানেন রাজ্জাকও। তবে বিশ্বকাপে দলের সম্ভাবনা কতটুকু—এই প্রশ্নের উত্তরটা কিন্তু অভিজ্ঞদের মতোই দিলেন, ‘কত দূর যেতে পারব, এর আসলে কোনো উত্তর নেই। ক্রিকেটে যেকোনো কিছুই হতে পারে। কোয়ার্টারে যাব বা সেমিফাইনালে যাব, এসব বলা যায় না। বলে-কয়ে কিছু হয়ও না। তবে প্রস্তুতি খুব ভালো হচ্ছে। এখন ফ্লাডলাইটে অনুশীলন করছি। সব মিলিয়ে আমরা আশা করছি ভালো কিছু হবে।’ভালো কিছুর আশায় পুরো বাংলাদেশও।