ভালো খবর নিয়েই ফিরছেন নাজমুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরের সভা থেকে বাংলাদেশের হারানোর যেমন কিছু ছিল না, ছিল না কিছু পাওয়ারও। বাংলাদেশের যা চাওয়া-পাওয়া, তা নিশ্চিত হয়ে গেছে আগেই। সিঙ্গাপুর সফরে তাই বিসিবি সভাপতি নাজমুল হাসানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল আইসিসির বিশেষ সভার বাইরে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সভাগুলো।
সূত্র জানিয়েছে, বিসিবির দ্বিপাক্ষিক আলোচনা মূলত ভারত, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের বোর্ডের সঙ্গেই হয়েছে। তাতে এ বছরই অস্ট্রেলিয়ায় গিয়ে বাংলাদেশ দলের তিন ওয়ানডের একটি সিরিজ খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী বছরের মধ্যে আসতে পারে ভারত সফরের সুযোগও। এ ছাড়া আগামী দুই বছরের মধ্যে ইংল্যান্ডের বিপক্ষেও হতে পারে একটি সিরিজ। চলতি সিঙ্গাপুর সফরেই এর কোনো কোনোটার ব্যাপারে সংশ্লিষ্ট বোর্ডের সঙ্গে লিখিত চুক্তি করে ফেলতে পারে বিসিবি।
তবে এসব বিষয়ে কালই নিশ্চিত করে কিছু বলতে রাজি হননি বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। সিঙ্গাপুর থেকে মুঠোফোনে তিনি জানিয়েছেন, ‘বেশ কয়েকটি বড় দেশের বোর্ডের সঙ্গেই বিসিবি সভাপতির ইতিবাচক আলোচনা চলছে। এসব আলোচনা মূলত দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে।’ সিঙ্গাপুর থেকে আগামীকাল ভালো খবর নিয়েই দেশে ফিরবেন বলে আশাবাদও শোনালেন, ‘দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে কয়েকটি বোর্ডের সঙ্গে আলোচনা চলছে। আমরা আশা করছি, কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই দেশে ফিরতে পারব। আগামী দুই বছরের মধ্যে এসব সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব পড়বে আমাদের ক্রিকেটে।’