ভালো খেলতে উন্মুখ পোলার্ড
একজন হার্ড-হিটার হিসেবেই তাঁর পরিচিতি। আইপিএলে ভালো দামেই বিকিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে কাইরেন পোলার্ড। কিন্তু ভারতের বিপক্ষে অনুষ্ঠানরত সিরিজে যেন মুখ গোমরা করে রয়েছে তাঁর ব্যাট। পারফরম্যান্স নেই। মারমার-কাটকাট সেই ঝলকও নেই।তবে কাইরেন পোলার্ড জানিয়েছেন, তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে ভালো খেলার ব্যাপারে মুখিয়ে রয়েছেন, ‘আমি ভালো খেলার জন্য ক্ষুধার্ত। সত্যিই ক্ষুধার্ত।’ একধরনের আকুতিই যেন ঝরে পড়ল পোলার্ডের কণ্ঠে। তিনি বলেছেন, ‘ভালো খেলার এই ক্ষুধা সত্ত্বেও আমার যা পারফরম্যান্স, তা সত্যিই হতাশার।’৪০টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ৭২৬ রান সংগ্রহ করেছেন পোলার্ড। ২০ দশমিক ১৬ গড়টা তেমন মুখ বড় করে বলার মতো না হলেও তাঁর স্ট্রাইক রেট কিন্তু ঈর্ষা তৈরি করতে বাধ্য অন্যান্য ব্যাটসম্যানের মনে। তাঁর সাম্প্রতিক পারফরম্যান্সে বিরক্ত হয়ে ক্যারিবীয় গ্রেট মাইকেল হোল্ডিংয়ের মুখ থেকে বেরিয়ে এসেছে অত্যন্ত কঠিন এক কথা। ‘পোলার্ড আন্তর্জাতিক ক্রিকেটের জন্য অনুপযুক্ত এক ক্রিকেটার।’ মন্তব্যটা সত্যিই বেশ কঠোর। অন্তত পোলার্ডের জন্য।তবে হোল্ডিংয়ের এই মন্তব্য বেশ স্বাভাবিকভাবেই নিয়েছেন পোলার্ড নিজে। বলেছেন, ‘সবারই নিজেকে প্রকাশ করার অধিকার রয়েছে। ব্যক্তিগত মতামত সবাই দিতে পারেন। হোল্ডিংও তাই করেছেন।’তবে পোলার্ড প্রত্যয়ী নিজের সেরাটা ওয়েস্ট ইন্ডিজের জন্য ঢেলে দিতে। বলেছেন, ‘আমি কেবল ভালো করার জন্য, আমার সেরা চেষ্টা করে যেতে পারি। সেটা আমি করবই।’দেখা যাক, পোলার্ডের চেষ্টা সফল হয় কি না! পিটিআই।