
ভাগ্য ভালো অ্যাডিলেডে পৌঁছে সেদিনই দলের প্র্যাকটিস দেখতে মাঠে গিয়েছিলাম। নইলে হয়তো দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে প্রথম সাক্ষাৎটা খেলার দিন ড্রেসিংরুমেই হতো!
এত লম্বা বিমানভ্রমণ করে কোনো রকম প্র্যাকটিস ছাড়া এক দিনের মধ্যে খেলতে নেমে যাওয়া আমার জন্য সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার আবহাওয়া, কন্ডিশনে অনেক ব্যবধান। খুব কঠিন ছিল এত অল্প সময়ের মধ্যে মানিয়ে নেওয়া। তার পরও না মানিয়ে উপায় তো ছিল না। আমাকে তারা নিয়েছেই দু-তিনটি ম্যাচের জন্য। এসে বিশ্রাম নেওয়ার সুযোগ কই?
সিডনি সিক্সার্সের বিপক্ষে ম্যাচে আমরা হারলেও আমার পারফরম্যান্সে দেখলাম দলের সবাই খুশি। সতীর্থ থেকে শুরু করে কোচ, কোচিং স্টাফের সবাই। তবে এসব দেশে কেউ এক ম্যাচে ভালো খেললেই তাকে নিয়ে অত নাচানাচি হয় না। পেশাদার ক্রিকেটার সবাই। ভালো খেলাটাকে একজন খেলোয়াড়ের দায়িত্ব বলেই ধরা হয়।
তবে স্থানীয় বাংলাদেশিরা আমার পারফরম্যান্সে খুব খুশি। অ্যাডিলেড ওভালে সেদিন প্রচুর অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি এসেছিলেন খেলা দেখতে। ম্যাচে যেমন তাঁদের অকুণ্ঠ সমর্থন পেয়েছি, ম্যাচ শেষে পেয়েছি অভিনন্দন। খেলার পরও অনেকের সঙ্গে কথা হয়েছে, যোগাযোগ হয়েছে। আমার বিশ্বাস, মেলবোর্নের ম্যাচেও অনেক বাংলাদেশি আসবেন খেলা দেখতে।
এখানে সবাই যে যার মতো থাকতে পছন্দ করে। খেলার বাইরে খুব একটা কথাবার্তা হয় না কারও সঙ্গে। খেলা-অনুশীলন যত বেশি হয়, পারস্পরিক যোগাযোগও তত বাড়ে। আমি তো এলাম মাত্র চার-পাঁচ দিন হলো। তার পরও আগে থেকে যাদের চিনতাম, যেমন জাতীয় দলে খেলা শন টেইটের মতো দু-একজনের সঙ্গে কথাবার্তা হয়েছে। অ্যাডিলেড থেকে মেলবোর্নে একসঙ্গে এসেছি সবাই। তখনো কথা হয়েছে। তবে ঘোরাঘুরি হয়নি খুব একটা। একে তো মেলবোর্নে আসার আগে হাতে সময় ছিল না, তা ছাড়া অ্যাডিলেডে আগেও গিয়েছি। আর ঘোরাঘুরি আমার খুব একটা পছন্দও না।
এর আগে আমি ভারতের আইপিএল, ইংল্যান্ডের ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি এবং ওয়েস্ট ইন্ডিজের সিপিএলে খেলেছি। আয়োজনের দিক দিয়ে সেগুলোর সঙ্গে খুব একটা তফাত নেই বিগ ব্যাশের। এখানে সবকিছুই হয় পেশাদারি মনোভাব নিয়ে, সবকিছুই বেশ গোছানো।
অ্যাডিলেড স্ট্রাইকার্স আমাকে এনেছে ইয়োহান বোথার জায়গায়। বোথা চোট পেয়েছে। তার ফেরা পর্যন্তই আমি খেলব এই দলের হয়ে। কাজেই এখনই বলতে পারছি না আর কয়টা ম্যাচ খেলব। আপাতত মেলবোর্ন স্টারসের বিপক্ষে খেলছি নিশ্চিত। পার্থে পরের ম্যাচে খেলব কি না জানি না।
যে কটা ম্যাচই খেলি, আমার আসলে ও রকম কোনো টার্গেট নেই এই টুর্নামেন্টে। বড় ইনিংস খেলতে হবে, ৫ উইকেট পেতে হবে এমন নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমি কখনোই খেলি না। সব সময় চাই ভালো খেলতে। এখানেও সেটাই চাচ্ছি, যেমনটা খেলেছি প্রথম ম্যাচে। আশা করছি, প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও বাংলাদেশিদের আন্তরিক সমর্থন পাব।