ভালো খেলার লক্ষ্য একাডেমি দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ সম্মেলনে একটা বিষয় আগেই পরিষ্কার করে দিলেন জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমির ব্যবস্থাপনা কমিটির প্রধান শাকিল কাসেম। দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের বিপক্ষে সিরিজ জেতা বাংলাদেশ একাডেমি দলের লক্ষ্য নয়। লক্ষ্য ভালো খেলা। অভিজ্ঞতা আর আত্মবিশ্বাস সঞ্চয় করা, যা হবে ক্রিকেটারদের ভবিষ্যৎ-জীবনের পাথেয়।স্ট্যান্ডার্ড ব্যাংক দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট একাডেমি দল বাংলাদেশে এসেছে গতকাল। ঢাকায় সিরিজ শুরুর সংবাদ সম্মেলন করে কাল বিকেলেই তারা চলে গেছে চট্টগ্রামে। আগামীকাল সেখানেই শুরু বিসিবি একাডেমি দলের সঙ্গে তাদের প্রথম চার দিনের ম্যাচ।বিসিবি একাডেমি দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুনও ‘ভালো খেলা’র লক্ষ্যের কথাই বললেন, ‘গত বছর ওদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকায় আমরা খুব একটা ভালো খেলিনি। এবার দেশের মাটিতে চেষ্টা করব ভালো খেলার। বলতে পারেন জেতার মানসিকতা নিয়েই খেলব।’ একই সংবাদ সম্মেলনে একই রকম প্রত্যাশার কথা শোনালেন দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের অধিনায়ক উইয়ান ফন জিল, ‘এখানে আসার আগে প্রিটোরিয়ায় মাত্র তিন দিনের একটা ক্যাম্প করেছি আমরা। তার পরও আশা করি সমস্যা হবে না।’দক্ষিণ আফ্রিকা একাডেমি দলটা এই সিরিজ দিয়েই প্রথম চিনবে উপমহাদেশের কন্ডিশন। উপমহাদেশের কোনো দেশেই এর আগে খেলতে আসেনি এরা। কেবল দলের মিডিয়াম পেসার অ্যান্ড্রু বার্চ বাংলাদেশে খেলে গেছেন ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। এখানকার কন্ডিশন সম্পর্কে যথাসম্ভব ধারণা তিনিই দিচ্ছেন দলকে। সমস্যা স্বাগতিক জিপি-বিসিবি একাডেমি দলেরও আছে। ফন জিলরা তো তবু তিন দিনের ক্যাম্প করে এসেছেন, মোহাম্মদ মিঠুনের দল সেই সুযোগও পায়নি! পিসিএল আর এনসিএল নিয়ে ব্যস্ততায় এখনো এক সঙ্গেই হতে পারেনি ক্রিকেটাররা। এমনকি সিরিজের প্রথম ম্যাচ খেলতে চট্টগ্রাম যাত্রায় আজ দলের সঙ্গী হতে পারছেন না স্বয়ং অধিনায়ক মিঠুন, আলাউদ্দিন বাবু ও কোচ সারোয়ার ইমরান! সারোয়ার ইমরান আজ বিকেলে অনুষ্ঠেয় এনসিএল টি-টোয়েন্টি লিগের ফাইনালের দল কিংস অব খুলনার কোচ। মিঠুন-আলাউদ্দিনও খেলেন এ দলেই।দলের ম্যানেজার জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে এ নিয়ে একটু চিন্তিতই মনে হলো কাল, ‘খেলা শেষ করে রাতে ওরা ফ্লাইট পাবে না। ট্রেনের স্লিপিং বার্থে যেতে পারলেও ঘুমিয়ে-টুমিয়ে সকালে গিয়ে খেলতে পারত। কিন্তু স্লিপিং বার্থের টিকিটও তো এখন সোনার হরিণ!’ বিসিবির কোনো দলের ম্যানেজারের দায়িত্ব পাওয়াটা হাবিবুলের জন্য এবারই প্রথম। তবে গত ফেব্রুয়ারি মাসে বিকেএসপি অনূর্ধ্ব-১৭ দলের ম্যানেজার হয়ে ভারতে গিয়েছিলেন তিনি।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন একাডেমি দলের কোচ সারোয়ার ইমরান, সফরকারী দলের দুই কোচ আদ্রি সোয়ানেপল ও মালিবংওয়ে মাকেতা এবং জিপি-বিসিবি একাডেমি দলের স্পনসর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবির।