ওদের ভালো খেলে দেখালেন আশরাফুল

আজ দুর্দান্ত এক ইনিংস খেলেছেন আশরাফুল।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাহনীর বাঁহাতি পেসার মেহেদী হাসানকে চকিতে যে পুলটা করলেন, সেটি মনে করিয়ে দিল সেই মোহাম্মদ আশরাফুলকে; যাকে বহুদিন দেখেনি বাংলাদেশের ক্রিকেট। শুধু ওই পুল কেন, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ৬ উইকেটের জয়ের নায়ক আশরাফুল যেন শটের পসরা মেলেই বসেছিলেন। ৪৮ বলে অপরাজিত ৭২ রানের ইনিংসে কী খেলেননি তিনি!

দারুণ সব শট ছিল আশরাফুলের ইনিংসে।
ছবি: প্রথম আলো

আবাহনীর ১৭৩ রানের জবাবে আশরাফুলের ঝোড়ো ইনিংসের সৌজন্যে ৯ বল বাকি থাকতেই জয় পেয়ে যায় শেখ জামাল। দুই ছক্কার সঙ্গে আশরাফুল বাউন্ডারি মেরেছেন ৮টি। দলের ৯ রানের মধ্যে ওপেনিং–সঙ্গী সৈকত আলীকে হারানোর পর ১২ রানের মধ্যে ড্রেসিংরুমে ফিরে যান ওয়ানডাউনে নামা ইমরুল কায়েসও।

কিন্তু ওপেনার আশরাফুল যেন পণ করেই নেমেছিলেন, মাঠ ছাড়বেন ম্যাচ জিতিয়ে। তৃতীয় উইকেটে নাসির হোসেনের (৩৬) সঙ্গে ৬৯ রানের ও চতুর্থ উইকেটে অধিনায়ক নুরুল হাসানের (৩৬) সঙ্গে ৬০ রানের দুই জুটিতে দলের জয় সহজ করে দেন তিনিই। আশরাফুল জয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন জিয়াউর রহমানের (২২*) সঙ্গে অবিচ্ছিন্ন ৩৪ রানের আরেকটি জুটিতে।

ভালো খেলেছেন অধিনায়ক নুরুল হাসানও।
ছবি: প্রথম আলো

ম্যান অব দ্য ম্যাচ অনুমিতভাবেই আশরাফুল। তবে পুরস্কার হাতে নিয়ে যেটা বললেন, সেটা অনুমিত ছিল না। আশরাফুল বলছিলেন, ‘আবাহনী ভালো দল। ওই দলে যাঁরা খেলছেন, তাঁরা সবাই একদম তরুণ। আমি যখন খেলা শুরু করেছিলাম, তখন হয়তো তাঁদের সঙ্গে জাতীয় দলে খেলা হয়নি। এত দিন তাঁরা হয়তো গল্প শুনতেন। আজ মনে হয়েছে তাঁদের সামনে ভালো খেলে দেখাই।’

চোটের কারণে আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিম খেলছেন না সুপার লিগে। তারপরও প্রথম ইনিংস শেষে আবাহনীর করা ১৭৩ রান জেতার জন্য যথেষ্টই মনে হচ্ছিল। আবাহনীর শক্তিশালী বোলিং আক্রমণ ও প্রতিপক্ষ শেখ জামালের দুর্বল ব্যাটিং বিবেচনায় লিটন দাস-মোসাদ্দেক হোসেনদের জন্য কঠিন হওয়ার কথা ছিল না ম্যাচটা। কিন্তু হলো উল্টো। পুরো লিগেই ম্লান থাকা আশরাফুল আজই জেগে উঠলেন। দেখালেন ব্যাটিং–সৌন্দর্য কাকে বলে!

লিটনও খেলেছেন দারুণ এক ইনিংস।
ছবি: প্রথম আলো

ব্যাটিং সৌন্দর্যের প্রদর্শনী ছিল আবাহনীর ইনিংসেও। জাতীয় দলের ওপেনার লিটন দাস ৫১ বলে খেলেছেন ৭০ রানের চোখজুড়ানো এক ইনিংস। তিনে নামা লিটনের জন্য ভীতটা গড়ে দিয়েছিলেন ওপেনার মোহাম্মদ নাঈম। ২৮ বলে ৪২ রান করে তিনি আউট হন লেগ স্পিনার মিনহাজুল আবেদীনের বলে। জাতীয় দলের এই দুই টপ অর্ডার ব্যাটসম্যান মিলেই আবাহনীকে নিয়ে গিয়েছিলেন জয়ের স্বপ্ন দেখার মতো জায়গায়। কিন্তু এটা তো পুরোনো সত্যই—আশরাফুল যেদিন খেলেন, সেদিন স্বপ্ন দেখার এবং দেখানোর অধিকার শুধুই তাঁর!