ব্রেন্ডন টেলরের দিনের শুরু আর শেষ মিশে যাচ্ছে একবিন্দুতে। এই উইকেটে টস জয় একরকমের বিপদ, মনে দ্বিধার ঝড়—ব্যাটিং না বোলিং? দিন শেষে স্কোরবোর্ডের যা চেহারা, তাতেও দ্বিধায় থাকার কথা টেলরের। কোনটি বেশি—হতাশা না স্বস্তি!
৮ উইকেটে ২৩৭—টস জিতে ব্যাটিংয়ে নামা দলের এই স্কোরকে ভালো কিছু বলার উপায় নেই। বিশেষ করে, যেখানে একসময় রান ছিল ২ উইকেটে ১৪১। তবে ম্যাচের আগে উইকেট ‘অপ্রস্তুত’ বলে যত আলোচনা, তাতে পাকিস্তানের বোলিং আক্রমণের বিপক্ষে এই রানকে আবার খারাপ বলারও উপায় নেই। জিম্বাবুয়ের জন্য প্রথম দিনটিকে তাই বলা যায়, ‘ভালো, তবে আরও ভালো হতে পারত।’ তবে সমান্তরালেই থাকছে আরও বাজে কিছু না হওয়ার স্বস্তি। সব মিলিয়ে ঠিক একই অনুভূতি হতে পারে পাকিস্তান অধিনায়ক মিসবাহরও!
উইকেট নিয়ে এত আলোচনায় এই প্রশ্নটাও উঠছে—অচেনা উইকেটে আগে ব্যাটিং কেন? টেলরের যুক্তি, শেষ ইনিংসে ব্যাট করতে না চাওয়া। তৃতীয় দিন থেকেই বল বনবন করে ঘুরবে বলে যে একরকম নিশ্চিত সবাই! দিনের দ্বিতীয় বলে টিনো মায়োয়ো আর ব্যক্তিগত ১৪ রানে ভুসি সিবান্দার বিদায়ের পর মনে হচ্ছিল, প্রথম ইনিংসেই না বিব্রত হতে হয় স্বাগতিকদের! জুনাইদ আর রাহাতের সুইংয়ের জবাব জানা ছিল না জিম্বাবুইয়ানদের। তবে দুই ভরসা হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রেন্ডন টেলর দাঁড়িয়ে গেলেন সত্যিই ভরসা হয়ে।
প্রথম সেশনে সময়ের দাবি মিটিয়ে দুজন স্রেফ উইকেটে পড়ে ছিলেন মাথা গুঁজে। দ্বিতীয় সেশনে আস্তে আস্তে খোলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেন দুজনই। মূল হুমকি সাঈদ আজমলকেও ভালোই সামলাচ্ছিলেন দুজন। শেষ পর্যন্ত নিজের ত্রয়োদশ ওভারে ১১০ রানে এই জুটি ভাঙেন আজমলই। স্লিপে ক্যাচ দেন ৭৫ রান করা মাসাকাদজা। সদ্যোজাত ছেলের মুখ দেখে ফেরা টেলর ফিফটির পর পরই এলবিডব্লু রেহমানকে সুইপ করতে গিয়ে। এরপর কেউ বড় স্কোর না পেলেও টেলএন্ডাররা প্রথম দিনেই গুটিয়ে যেতে দেননি দলকে। ওয়েবসাইট।