চলতি ওভাল টেস্টে অভিষেকেই ৫ উইকেট নিয়ে ওয়াহাব রিয়াজ নিশ্চয়ই খুশি। যদিও রেকর্ড বলছে, ওয়াহাবের আসলে আতঙ্কিত হওয়া উচিত! কারণ পাকিস্তানের পক্ষে অভিষেকে ইনিংসে ৫ উইকেট নেওয়া কোনো টেস্ট বোলারই শেষ পর্যন্ত টিকতে পারেননি! প্রথম এই কীর্তি গড়ে আরিফ বাট খেলেছেন মাত্র ৩ টেস্ট, উইকেট ১৪টি। মোহাম্মদ নাজির (১৪ টেস্টে ৩৪ উইকেট), শহীদ নাজির (১৫ টেস্টে ৩৬ উইকেট), মোহাম্মদ জাহিদ (৫ টেস্টে ১৫ উইকেট), শহীদ আফ্রিদি (২৭ টেস্টে ৪৮ উইকেট)—তাঁদের টেস্ট ক্যারিয়ার শেষ। তালিকার বাকি তিনজন মোহাম্মদ সামি, সাব্বির আহমেদ ও ইয়াসির আরাফাত অবসর না নিলেও তাঁদের টেস্টে ফেরার সম্ভাবনা কম। ওয়াহাবের আগের আট বোলারের মধ্যে সবচেয়ে বেশি উইকেট সামির, ৮৪টি। কিন্তু ৫০.৭৩ গড়ই বলছে, মোটেও ভালো কিছু করতে পারেননি তিনি। গড় আর উইকেট মিলিয়ে এই তালিকায় সবচেয়ে সম্ভাবনাময় ছিলেন সাব্বির (১০ টেস্টে ৫১ উইকেট, ২০.০৩ গড়)। কিন্তু অবৈধ বোলিং অ্যাকশন শেষ করে দিয়েছে তাঁর ক্যারিয়ার।