ভালো শুরু না হওয়ার আক্ষেপ
ম্যাচ শুরুর ঘণ্টা দেড়েক আগেও প্রধান নির্বাচক জানতেন তামিম ইকবাল খেলবেন। কিন্তু টসের আগে যে খেলোয়াড় তালিকা দেওয়া হলো, সেখানে নেই তামিমের নাম! সম্ভাব্য যাঁদের একাদশের বাইরে থাকার কথা ছিল, সেখান থেকে দলে ঢুকে পড়েছেন অলক কাপালি।কৌতূহল চারদিকে—তামিম কেন নেই? জানা গেল, ডান হাঁটুর পুরোনো ব্যথাটা কাল ওয়ার্ম আপের সময় আবার ফিরে আসাতেই দলের বাইরে থেকে গেছেন বাঁহাতি এই ওপেনার। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে অধিনায়ক মুশফিকুর রহিমও দিলেন একই ব্যাখ্যা, ‘কাল (পরশু) প্র্যাকটিসের পর জানতাম ও এক শ ভাগ ফিট। কিন্তু আজ (গতকাল) সকাল থেকে ওর হাঁটুতে ব্যথা শুরু হয়। আমরা তবু টস করতে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। ফিটনেস টেস্ট হয়েছে। ওয়ার্ম আপ দেখা হয়েছে। ওখানে ও ফেল করায় খেলতে পারেনি।’ আজ আরেকটা ফিটনেস টেস্ট হবে তামিমের। কাল প্রথম ওয়ানডেতে তাঁর খেলা না-খেলাটা নির্ভর করছে সেটার ফলাফলের ওপর।১৩৫ রান তাড়া করতে গিয়েও ৫০ রানের হারের সঙ্গে তামিমের না খেলার ব্যাপারটা ঘুরে ঘুরেই এল ম্যাচ শেষে। দুটোর মধ্যে যোগসূত্র খুঁজলেন কেউ কেউ। তাঁদের মধ্যে আছেন অধিনায়ক নিজেও, ‘দল ঠিক হওয়ার পর সবাইকে বলে দেওয়া হয় কে খেলছে, কে খেলছে না। সেভাবে সবাই প্রস্তুত থাকে। কিন্তু মাঠে এসে যদি দেখা যায় দলের অন্যতম সেরা ব্যাটসম্যান খেলছে না, তখন সমস্যা হয়ে যায়। ব্যাটিং অর্ডারে ওলট-পালট ঘটে।’শুরুতেই হওয়া এই ওলট-পালটই বাংলাদেশের ব্যাটিংটাকে এলোমেলো করে দিয়ে থাকতে পারে। তবে অধিনায়ক পরাজয়ের কারণ হিসেবে ভালো শুরু আর ভালো জুটি না হওয়ার কথাই বললেন বেশি, ‘এত খারাপ খেলার পরও আমরা ৮৫ রান করেছি। টপ অর্ডারে ভালো জুটি হলে, কেউ উইকেটে থাকলে হয়তো অন্য রকম হতো ফলাফল। ওদের সঙ্গে আমাদের খুব বেশি ব্যবধান কিন্তু না। ওদের হারাতে হলে শতভাগের বেশি দিয়ে খেলতে হবে।’এই সিরিজে বাংলাদেশের ভোগান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে পাকিস্তানের বোলিং। কাল যেন সেটারই একটা ঝলক দেখালেন মোহাম্মদ হাফিজ-সাঈদ আজমলরা। সে তুলনায় ১৩৫ রানে অলআউট পাকিস্তান ব্যাটিং নিয়ে হয়তো কিছুটা হতাশই। তবে মুশফিক বলেছেন, কৃতিত্বটা মূলত উইকেটের, ‘উইকেটটা আসলেই ব্যাটিংয়ের জন্য অনেক কঠিন ছিল। আমাদের বোলিংয়ের চেয়ে ওদের বোলিং অনেক ভালো। ঠিক জায়গায় বল করেছে। আমরাও খুব খারাপ বল করিনি। আবার খুব যে বেশি ভালো বল করেছি, তা-ও না। আরেকটু ভালো বোলিং করলে হয়তো ওদের ১২০-১২৫-এর মধ্যে ধরে রাখতে পারতাম।’ অবশ্য শেরেবাংলা স্টেডিয়ামের কালকের উইকেটে ১৩৫ রান তাড়া করে জেতাটাও অসম্ভব ছিল না বলে মনে করেন মুশফিক। প্রয়োজন ছিল শুধু ভালো এক-দুটি জুটি। ম্যাচ শেষে সেটার জন্যই বেশি আফসোস ঝরল বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে, ‘আমাদের লক্ষ্য ছিল শুরুতে একটা ভালো জুটি। সেটা হলে পরে রানরেট ৭-৮ হলেও কাজটা সহজ হয়ে যেত। দুর্ভাগ্যজনকভাবে আমরা তা করতে পারিনি।’ তার পরও যেটুকু সুযোগ ছিল, মুশফিকের রান আউটেই শেষ হয়ে যায় তা। অধিনায়ক নিজেও স্বীকার করেছেন, ‘আমি রান আউট হওয়ার পরই সুযোগ কমে যায়। আমি আর নাসির মোটামুটি একটা জুটি করছিলাম। উইকেট থাকলে শেষ ৬-৭ ওভারে ১০ করে লাগলেও হয়তো করে ফেলতে পারতাম। একটা সুযোগ থাকত তখন।’নিজেদের ব্যাটিং নিয়ে হতাশা থাকলেও পাকিস্তানের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন মুশফিক, ‘সব ধরনের ক্রিকেটেই তারা এখন ভালো খেলছে। এই কন্ডিশনে কীভাবে বোলিং-ব্যাটিং করতে হয়, তারা সেটা খুব ভালোভাবে দেখিয়েছে। ওদের মতো রানটা বাড়িয়ে নিতে পারিনি আমরা।’ বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার দিনে কিছুটা উজ্জ্বল এক নাসির হোসেনই। তার জন্যও আছে অধিনায়কের প্রশংসা, ‘উইকেটে গিয়ে টিকে থাকলে রান করা সহজ। সেটাই ও করেছে। জাতীয় দলে ঢোকার পর থেকেই ভালো খেলছে। সেটারই ধারাবাহিকতা ধরে রেখেছে নাসির।’নবাগত নাসিরের কাছ থেকে পাওয়া শিক্ষাটা কি কাল থেকে শুরু ওয়ানডে সিরিজে কাজে লাগাতে পারবেন অন্যরা?