ভালো সময়েই ফিরেছেন যুবরাজ
বিশ্বকাপের আগে অনেক দিন ধরেই চরম রান-খরায় ভুগছিলেন ভারতীয় মিডল অর্ডারের অন্যতম প্রধান ভরসা যুবরাজ সিং। শেষ শতকটির দেখা পেয়েছিলেন ২০০৯ সালের জুনে। এরপর দীর্ঘদিন আর কোনো বড় ইনিংস খেলতে পারেননি। বিশ্বকাপ শুরুর আগে গত দেড় বছরে হাফ সেঞ্চুরিও করেছিলেন মাত্র পাঁচটি। বাজে ফর্মের কারণে দলের বাইরেও ছিলেন বেশ কিছুদিন। বিশ্বকাপ দলেও জায়গা পাবেন কি না, তা নিয়েও সংশয়ে ছিলেন অনেকে। কিন্তু উপমহাদেশের স্পিনার বান্ধব উইকেটে তাঁর বাঁ-হাতি অফস্পিনের গুরুত্ব উপলব্ধি করে শেষ পর্যন্ত তাঁকে রাখা হয়েছিল ভারতের বিশ্বকাপ মিশনে। তবে তাঁর বোলার ভূমিকাকে গুরুত্বের সঙ্গে দেখলেও সবাই আসলে তাকিয়ে ছিল যুবরাজের ব্যাটের দিকেই। আর নির্বাচকদের সেই আস্থার প্রতিদান বেশ ভালো মতোই দিয়েছেন এ বাঁ-হাতি ব্যাটসম্যান। সমালোচকদের মুখও বন্ধ করে দিয়েছেন অসাধারণ ব্যাটিং নৈপুণ্য দিয়ে।যুবরাজের এ প্রত্যাবর্তনটা এতটাই ভালোভাবে এবং ভালো সময়ে হয়েছে যে এখন ভারতীয় সমর্থকদের অনেকেই একরাশ প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছেন তাঁর ব্যাটের দিকে। এখন পর্যন্ত গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচে ব্যাট করে হাফ সেঞ্চুরি করেছেন তিনটি। এর মধ্যে দুটিতেই ছিলেন অপরাজিত। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে ১২৩ বলে ১১৩ রানের অসাধারণ এক ইনিংস খেলে নিজেকে অপরিহার্য হিসেবে প্রমাণ করেছেন। বল হাতেও তাঁর ধারাবাহিক পারফরমেন্স সবাইকে মুগ্ধ করেছে। প্রথম দুই ম্যাচে উইকেট না পেলেও পরবর্তী চার ম্যাচে নিয়েছেন ৯টি উইকেট। আয়ারল্যান্ডের বিপক্ষে করেছেন ক্যারিয়ার-সেরা বোলিং। ৩১ রানে ৫ উইকেট। বোলিং আক্রমণের ক্ষেত্রে দলের প্রধান স্পিনার হরভজন সিংয়ের চেয়েও কখনো কখনো নিজেকে বেশি কার্যকর প্রমাণিত করেছেন যুবরাজ। সব মিলিয়ে তাঁর এ রাজকীয় প্রত্যাবর্তনটা ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্নে যোগ করেছে নতুন মাত্রা। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে হয়তো যুবরাজের হাত ধরেই ফিরে আসবে ৮৩ বিশ্বকাপের স্মৃতি। অন্তত ভারতীয় সমর্থকদের সেই প্রত্যাশা যে অনেক জোরালো হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। হিন্দুস্তান টাইমস।