ভালোই আছেন গার্দিওলা
বার্সেলোনার কোচের পদ ছেড়ে কোচিং থেকে দূরে রয়েছেন। পেপ গার্দিওলার দাবি, ফুটবলবিহীন জীবনটা ভালোই কাটছে তাঁর। অখণ্ড অবসরটা সপরিবারে কাটাচ্ছেন নিউইয়র্কে। এখানে নেই ডাগ-আউটের পাশের সেই নখ কামড়ানো উত্তেজনা, দলের কৌশল ঠিক করা কিংবা খেলোয়াড় ব্যবস্থাপনার অন্তহীন চাপ। জীবনটা একেবারেই অন্য রকম। এখন অভ্যস্ত হয়ে গেছেন আটপৌরে সাংসারিক জীবনে। তিন সন্তানকে স্কুলে নিয়ে যাওয়া, ইংরেজি শেখা আর শহরটাকে চেনা—এই হলো গার্দিওলার কাজ। ফুটবল কোচের রোমাঞ্চকর জীবন থেকে এখন তিনি অনেক দূরে। বিরতিটা অবশ্য চিরস্থায়ী হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়ে রেখেছেন আগেই। মেক্সিকান ধনকুবের কার্লোস স্লিমের একটা দাতব্য সংস্থার হয়ে বক্তৃতা দিতে গিয়েছিলেন মেক্সিকো সিটিতে। সেখানেই কখনো স্পেনের কোচ হবেন কি না, এমন প্রশ্নের জবাবে দিয়েছেন কূটনৈতিক উত্তর, ‘এটা তো বলা যায় না। তবে নিউইয়র্ক আসলেই খুব সুন্দর।’ অনেকের ধারণা, এসি মিলান বা ম্যানচেস্টার ইউনাইটেড হতে যাচ্ছে তাঁর পরের গন্তব্য। সেটি নিয়ে অবশ্য স্পষ্ট করে কিছু বলেননি বার্সেলোনাকে ১৪টি শিরোপা জেতানো কোচ, ‘আমি জানি না...এটুকু বলতে পারি, এ বছর কোচিংয়ে ফিরছি না।’ গত মাসে তাঁর সাবেক বার্সা শিষ্য বোজান কিরকিচ অবশ্য আভাস দিয়েছেন, ৪১ বছর বয়সী গার্দিওলা নাকি মিলানের কোচ হতে আগ্রহী। তবে ওটা যে আসলে গুজব, সেটি নিশ্চিত করেছেন গার্দিওলা নিজেই। এএফপি।