ভালোই করছেন ব্যাটসম্যানরা
প্রস্তুতি ম্যাচে জয়-পরাজয় মুখ্য নয়, প্রস্তুতিই আসল। সেদিক দিয়ে মিরপুরের একাডেমি মাঠে দুই দিনের ম্যাচটার প্রথম দিনে ব্যাটসম্যানদের সফল প্রস্তুতিই হলো। মোহাম্মদ আশরাফুলের লাল একাদশের বিপক্ষে পুরো ৯০ ওভার ব্যাটিং করে মুশফিকুর রহিমের সবুজ একাদশ ৪ উইকেটে করেছে ৩৬১ রান। লাল একাদশ ব্যাটিং করবে আজ।ছোট মাঠ বলে উইকেট সোজা ব্যাটিং করে চার-ছক্কা পাওয়া যাচ্ছে না। তার পরও জুনায়েদ সিদ্দিকের ১৯৫ বলে ৯৮, মুশফিকুর রহিমের ১৪৩ বলে অপরাজিত ৮২ এবং মাহমুদউল্লাহর ৭১ বলে অপরাজিত ৭০ রানের ইনিংসগুলোর প্রশংসা সহকারী কোচ সারওয়ার ইমরানের কণ্ঠে। তবে ফিল্ডারদের পারফরম্যান্সে তিনি হতাশ, ‘শেষ দিকে উইকেট সহজ হয়ে গিয়েছিল। তার পরও ব্যাটিং ঠিক আছে। কিন্তু ফিল্ডারদের এনার্জি লেভেল কম মনে হলো। একটু বড় জুটি হতে গেলেই ওরা সবকিছু ভাগ্যের ওপর ছেড়ে দিচ্ছে। দিন শেষে এ নিয়ে ছেলেদের সঙ্গে কথা বলেছি।’লাল দলের পেসার রবিউল ইসলাম ২টি এবং আশরাফুল ও নাসির হোসেন ১টি করে উইকেট পেয়েছেন।