ভালোই করেছেন, বীরেন্দর শেবাগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরেন্দর শেবাগ, আগামীকাল সকালেই আপনি আবার সামনে পেয়ে যাচ্ছেন সাকিব আল হাসানদের অতি সাধারণ মানের টেস্ট দলটিকে। সুযোগ এসে যাচ্ছে আপনাদের টেস্ট জয়ের পরিসংখ্যানটিকে আরেকটু স্বাস্থ্যবান করে তোলার। আপনাদের টুপির নিচে রয়েছে চট্টগ্রাম টেস্টে পাওয়া ১১৩ রানের জয়। জয়টা মাত্র কয়েকটি রানের ব্যবধানে তো নয়। বেশ বড়। টেস্ট ক্রিকেটের ষষ্ঠ বয়োজ্যেষ্ঠ দলটি বিদেশের মাটিতে সবেমাত্র নিয়মিত জিততে শিখেছে বলে জয়ের গর্বে আচ্ছন্ন আপনি হতেই পারেন।তবে এই গর্বের নিচে যে একটা সংশয়ের চোরাস্রোতও থেকে গেল, সেটি তো আপনার মুখ দেখেই বোঝা গেছে। তবে টেস্ট ম্যাচ শুরুর আগের দুপুরে ‘বাংলাদেশ অতি সাধারণ দল’—এই মন্তব্য করে টেস্ট ম্যাচের গোটা আবহে আগুন জ্বেলে দিয়ে ভালোই করেছেন। কে জানে, এটাই চট্টগ্রাম টেস্টের প্রতিটি মুহূর্তকে এমন প্রতিদ্বন্দ্বিতামুখর করে তুলল কি না!আপনি ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দলবল নিয়ে মাঠে নেমে পড়লেন। কিন্তু শাহাদাত-রুবেল-শফিউলরা এক একটা বাউন্সার দেন, আর মনোযাতনা ছলাত্ করে ওঠে। আপনি আউট ৫২ রান করে। বাংলাদেশের বিপক্ষে আপনার একমাত্র ফিফটি। আপনার দল শচীন টেন্ডুলকারের অনবদ্য সেঞ্চুরি সত্ত্বেও করতে পারল মাত্র ২৪৩ রান। বাংলাদেশের বিপক্ষে যা আপনাদের সর্বনিম্ন রান। টেস্ট শুরুর আগের সকালেও এমন ছবিটা কেউ আঁকতে পারেনি। শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, গৌতম গম্ভীর, যুবরাজ সিং এবং আপনি স্বয়ং যে দলের ব্যাটিং লাইনআপে, সেই দলটি প্রাণান্তকর চেষ্টায় করতে পারল মাত্র ২৪৩! আপনার দল হয়তো ফাস্ট বোলার হিসেবে শোয়েব আখতার, ব্রেট লি, কিংবা ডেল স্টেইনদের একটু গোনায় ধরে। কিন্তু আপনাদের ৫ উইকেট তুলে নিল শাহাদাতের মতো এক অনামী পেসার। আপনারা স্পিনের বিপক্ষে চোখ বুজেও চার-ছয় মারতে পারেন, কিন্তু আপনাদের নাচিয়ে বাঁহাতি স্পিনে ৫ উইকেট তুলে নিলেন সাকিব আল হাসান। কী বিস্ময়! কী বিস্ময়!দ্বিতীয় ইনিংসেও আপনি বাংলাদেশের বোলিংকে দুমড়েমুচড়ে দিতে পারলেন না। করলেন ৪৫। আপনি একটা জবাব পেয়ে গেলেন, বাংলাদেশের বোলিং দুধভাত নয় যে, হাপুস হুপুস খেয়ে ফেলবেন! ক্রিকেট তো একটা খেলাই মাত্র। তাতে আপনার দল সম্প্রতি র্যাঙ্কিং-শ্রেষ্ঠত্বের মালা পরেছে। তার মানে তো এই নয় যে অন্য দলগুলোর উন্নতিও হতে হবে আপনাদের কাছ থেকে লাইসেন্স প্রাপ্তি সাপেক্ষে! অন্য দলগুলোও বিশেষ করে, একটা নতুন দলের সামনে থেকে যায় উন্নতির অবারিত দুয়ার। আপনি হয়তো এই সত্যকে জনসমক্ষে স্বীকার করতে চান না। নতুবা বাংলাদেশ গত বছর ওয়েস্ট ইন্ডিজে গিয়ে যে টেস্ট সিরিজ জিতে এসেছে তার মধ্যে উন্নতির কোনো লক্ষণ আপনার চোখে পড়েনি। নাকি ওয়েস্ট ইন্ডিজের বিকল্প দলের বিপক্ষে পাওয়া সাফল্য আপনার চোখে অবজ্ঞার ঠুলি পরিয়ে রেখেছিল?আপনি দুটি ট্রিপল সেঞ্চুরি করেছেন, আরেকটি পাননি মাত্র ৭ রানের জন্য। সারা ক্রিকেট-বিশ্ব জানে, ওই ৭টি রান করতে পারলে স্যার ডন ও ব্রায়ান লারাকে টপকে একটা জায়গায় ক্রিকেটের অধীশ্বর হয়ে উঠতেন। এমনিতেই আপনার ভয়াল সুন্দর ব্যাটিংটা সবার জানা। আপনি সেঞ্চুরি করলে দেড় শ রানের নিচে থামেন না। আপনার টানা ১০টি সেঞ্চুরি ১৫০ বা তার বেশি রান দেখেছে। তাই বলে আপনি কীভাবে বলতে পারলেন, বাংলাদেশের বোলিং কিছুই না।আপনার টেস্ট গড় যেখানে ৫২.৪৩, সেখানে বাংলাদেশের বিপক্ষে এই টেস্টের আগে ছিল মাত্র ১১.৫। বাংলাদেশের বোলাররা আগে থেকেই তো আপনার কাছ থেকে একটা শ্রদ্ধার আসন দাবি করতে পারেন। আপনি তাঁদের সেই আসনটা দিতে কুণ্ঠিত হলেন। আপনি নিজেকে মনে করলেন ‘সুপারম্যান’, যাঁকে আউট করার সামর্থ্য শাহাদাত, শফিউল, রুবেল, সাকিবদের নেই। আপনাকে স্বয়ং ভিভ রিচার্ডস দরাজ প্রত্যয়ন দিয়েছেন সাম্প্রতিক সময়ের সবচেয়ে আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে। ওটাই হয়তো আপনার মনের মধ্যে বারবার ঢেউ তোলে। সেই ঢেউয়ের তীব্র দুলুনি অন্যদের সামনে দাঁড়িয়ে এত দিন হয়তো বোঝেননি। এবার বুঝলেন বাংলাদেশে এসে এবং সেটি আপনি ছড়িয়ে দিলেন। কিন্তু এই ‘দুধভাত’ বোলিংয়ের বিপক্ষে একবার হেলমেট খুলে ব্যাটিং করতে পারলেই না সত্যিকারের পুরুষকারের প্রমাণটা মিলত। আপনি যাঁর সঙ্গে নিজে তুল্য হতে ভালোবাসেন, সেই ভিভ রিচার্ডস কিন্তু হেলমেট ছাড়া ব্যাট করার পুরুষকার দেখিয়েছেন অনেকই। একদিক দিয়ে ভালোই করেছেন আপনি। তাতিয়ে দিয়েছেন বাংলাদেশের তরুণদের। এতে রাতারাতি তাঁরা যে চারাগাছ থেকে মহীরুহ হয়ে উঠতে পারলেন, তা নয়। তবে তাঁদের শতভাগ সামর্থ্য ঢেলে দেওয়ার তাগিদটা পেলেন। প্রমাণ করতে পারলেন, তাঁদের সামর্থ্য আছে লড়াই করার। র্যাঙ্কিংয়ের এক নম্বর দলের চোখে চোখ রাখার। কিন্তু সামর্থের পুরোটা তাঁরা ঢেলে দিতে পারেননি। সবগুলো পাপড়ি মেলে ফুটতে পারেননি। সেটি হলে এই টেস্টটা আপনারা ১১৩ রানে জিতে যেতে পারেন না। হয় ড্র করতে বাধ্য হন, নতুবা পরাজয়ের কালো তিলকই আপনাদের কপালে আঁকা হয়। বিশ্লেষণটা কি সরলীকৃত হয়ে গেল?না, সরলীকৃত নয়। আপনাদের ২৪৩ রানে অলআউট করার পর শ-খানেক রানের লিড নেওয়ার সামর্থ্য বাংলাদেশের ছিলই। বাংলাদেশের সবচেয়ে সামর্থ্যবান টেস্ট ব্যাটসম্যান (মোহাম্মদ আশরাফুল) রান পাননি, ২০০৬ সালে ফতুল্লা টেস্টে প্রবল পরাক্রম অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দেওয়া ইনিংসের মালিক শাহরিয়ার নাফীস কাচের মতো আত্মবিশ্বাস নিয়ে দাঁড়ালেন ২২ গজে। বাংলাদেশের লড়াকু অধিনায়ক বোলিংয়ে দাপট দেখাতে পারলেও ব্যাটিংয়ে হারিয়ে গেলেন। উদ্বোধনী জুটিতে তামিম-ইমরুলের সাহসী সময় লম্বা হতে পারল না। বাংলাদেশ ওই একটা সেশনে স্নায়ুর পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েই বড় লিড নিতে পারল না। কিন্তু শ-খানেক রান লিড নিতে পারলে কী হতো ভেবে দেখুন বীরেন্দর শেবাগ! তখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে আপনাদের ওপর থাকত বিষম চাপ। সময়টা কমে যেত। আর তারপর কী হতে পারত, সেটা ওই মুশফিকুর রহিমের ব্যাটই কিছুটা আভাস দিয়েছে।শেবাগ আপনি ভালোই করেছেন। অন্তত সাকিবদের মনোজগতে একটা ঝড় তুলে তাঁদের সামর্থ্য অনুযায়ী খেলার অনুপ্রেরণা জুগিয়েছেন। এখন সেই অনুপ্রেরণা সাকিবের দলকে কাল থেকে শুরু ঢাকা টেস্টেও জাগিয়ে দিক। এই অপেক্ষাতেই প্রহর গুনছে বাংলাদেশ। আপনাকে আরেকটা জবাব দেওয়ার প্রহরও কি নয়!