ভালোই জবাব দিচ্ছে ভারত

শেষ টেস্টটা এক বছর আগে খেলেছিলেন জহির খান। ৩৫ বছর বয়সী ভারতীয় এই পেসার আবার জাতীয় দলে ফিরতে পারবেন কি না, এমন সংশয়ও ছিল অনেকের। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে সুযোগ পেয়েই নিজেকে আবার নতুন করে চেনালেন এই বামহাতি পেসার। বুড়ো হাড় যে এখনো ভেলকি দেখাতে পারে, সেটা সবচেয়ে ভালোভাবে টের পেলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। আজ জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনে তাঁর আঘাতেই ছিন্নভিন্ন হয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ভারতের করা ২৮০ রানের বিপরীতে প্রোটিয়াদের ইনিংস শেষ হয়েছে ২৪৪ রানে। ৩৬ রানে এগিয়ে থেকেই দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছে ভারত।
আজ দক্ষিণ আফ্রিকার শেষ চারটি উইকেটের তিনটিই নিয়েছেন জহির খান। যার মধ্যে আছে ৫৯ রান করে শেষ প্রতিরোধের চেষ্টারত ফিল্যান্ডারের উইকেটটাও। গতকাল প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথও সাজঘরে ফিরেছিলেন জহিরের আঘাতেই। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংসটাও এসেছিল এই স্মিথের ব্যাট থেকেই।
৬ উইকেটে ২১৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দিতে খুব বেশি সময় নেননি জহির ও ইশান্ত শর্মা। দিনের চতুর্থ ওভারেই ফিল্যান্ডারকে আউট করে শুরুটা করেছিলেন জহির। দুই ওভার পরে ডেল স্টেইনকে ফিরিয়েছিলেন ইশান্ত। এরপর নিজের টানা দুই ওভারে ডু প্লেসিস ও মরনে মরকেলকে আউট করে স্বাগতিকদের ২৪৪ রানেই আটকে দিয়েছেন জহির। সব মিলিয়ে প্রথম ইনিংসে চারটি উইকেট পেয়েছেন ভারতের এই অভিজ্ঞ পেসার। ইশান্ত শর্মার ঝুলিতেও জমা হয়েছে চারটি উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ২০ রান সংগ্রহ করেছে ভারত।