ভালোই জবাব দিচ্ছে ভারত
আগের দিন ১০১ রানে অপরাজিত থাকা শেন ওয়াটসন আজ শনিবার নিজের সংগ্রহে আরও ২৫ রান যোগ করেছেন। আট রান বেশি তুলতে পারলে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে যেতেন টিম পেইন। সঙ্গে পন্টিংয়ের ৭১ রানে মোহালি টেস্টের প্রথম ইনিংসে ৪২৮ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে সফরকারীরা। তবে কম যাচ্ছে না স্বাগতিকেরাও। বীরেন্দর শেবাগের ঝোড়ো ব্যাটিংয়ে দ্বিতীয় দিন শেষে দুই উইকেটে ১১০ রান তুলেছে ভারত।পাঁচ উইকেটে ২২৪ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। আগের দিন অপরাজিত থাকা ওয়াটসন বেশিদূর এগোতে না পারলেও ভারতীয় বোলারদের হতাশায় ডুবিয়েছেন টিম পেইন। হতাশা পেয়েছেন নিজেও। সাজঘরের ফেরার আগে পেইন খেলেছেন ৯২ রানের অসাধারণ ইনিংস, তবে মাত্র আট রানের জন্য যে মিস হয়ে গেছে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি!অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জিং স্কোরের পর ভারতীয় দলের স্তম্ভটা গড়ে দিয়েছেন গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগ। উদ্বোধনী জুটিতে এ দুজন এনে দেন ৮১ রান। ব্যক্তিগত ২৫ রানে জনসনের শিকার হন গম্ভীর। জনসনের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে শেবাগ ৫৪ বলে সংগ্রহ করেছেন ৫৯ রান, যার মধ্যে রয়েছে আবার ১০টি চারের মার! দিনের খেলা শেষ হওয়ার সময় রাহুল দ্রাবিড় অপরাজিত ছিলেন ২১ রানে। ইশান্ত শর্মা এখনো রানের খাতা খুলতে পারেননি।—ক্রিকইনফো