ভালোই প্রস্তুতি হচ্ছে ইংল্যান্ডের
০-৫, ১-৪, ১-৩, ১-৩, ০-৩...কী এগুলো? অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের অ্যাশেজ পরাজয়ের ইতিবৃত্ত!সেই ১৯৮৬-৮৭ মৌসুমে অস্ট্রেলিয়ায় এসে অ্যাশেজ জিতে গেছে ইংল্যান্ড। এরপর একমাত্র টেস্টের সিরিজটা বাদ দিলে গত পাঁচটি সিরিজেই খালি হাতে ফেরা। সর্বশেষ সিরিজের প্রাপ্তি তো ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জাও।এবার সেই বৃত্ত নাকি ভেঙে দেবে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার সাম্প্রতিক দুর্দশা তো আছেই, ইংল্যান্ডের দুর্দান্ত ফর্মও সেই আশার পালে হাওয়া দিচ্ছে। অস্ট্রেলিয়ায় পা রাখার পর থেকে ইংল্যান্ডও শাণিয়ে নিচ্ছে নিজেদের। চার দিনের তৃতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে ২৯৩ রানের বিশাল লিড নিয়েছে অ্যান্ড্রু স্ট্রাউসের দল। কাল তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়া ‘এ’ ৩ উইকেটে করেছে ১২৮ রান। এর আগে ইংল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৫২৩ রান করে।ইংল্যান্ডের জন্য তিনটি প্রস্তুতি ম্যাচেই সুখবর হয়ে এসেছে কেভিন পিটারসেন, অ্যালিস্টার কুক ও ইয়ান বেলের রানে ফেরা। পাকিস্তানের বিপক্ষে গত হোম সিরিজে ইনজুরির কারণে খেলতে পারেননি বেল। মাঝখানের ছন্দপতন যে খুব একটা ঝামেলায় তাঁকে ফেলেনি সেটা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেই বুঝিয়েছিলেন ফিফটি করে। এরপর কাল আউট হওয়ার আগে করলেন ১৯২ রান। কলিংউড আউট হয়েছেন ৮৯ রান করে।কাল অস্ট্রেলিয়া ‘এ’ দলের তিনটি উইকেটই নিয়েছেন টিম ব্রেসনান। পরপর দুই বলে এড কাওয়ান আর উসমান খাজাকে ফিরিয়ে দেওয়ার পর হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন এই পেসার। আজ শেষ দিনে ১৬৫ রানে পিছিয়ে থেকে মাঠে নামবে অস্ট্রেলিয়া ‘এ’। অ্যাশেজের প্রথম টেস্ট শুরু হবে ২৫ নভেম্বর, ব্রিসবেনে। ওয়েবসাইট।