ভালোবাসা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় মানুষটি একটু রেগে আছে? তাঁকে মানাতে ভালোবাসা দিবসের চেয়ে ভালো দিন আর কী হতে পারে? হাসিমুখে ফুল-চকলেট দিয়ে ভালোবাসাটা জানিয়ে দেওয়ার নিয়ম তো আর নতুন নয়। তা এই মানানোর ব্যাপারটি শুধু মনের মানুষের জন্যই হতে হয়, কে বলেছে! দলের সমর্থকদের কাছেও তো ভালোবাসার আবেদন জানানো যায়। বেন স্টোকসকেই দেখুন। ভারত সফরে টেস্টে ৪-০–তে হেরেছে ইংল্যান্ড, অ্যালিস্টার কুককে তাই সরে যেতে হলো। নতুন অধিনায়ক হয়েছেন জো রুট, স্টোকস তাঁর সহকারী। দায়িত্ব পেয়েই সমর্থকদের কাছে সবার আগে কী চাইলেন স্টোকস? ভালোবাসা! সেটির আবেদনও জানালেন ভালোবাসা দিবসেই, ‘আমরা চাই সবাই আবারও টেস্ট খেলাটার প্রেমে পড়ুন।’ অবশ্য সেটি পাওয়ার আগে নিজেদের দায়িত্বটাও ভুলছেন না নতুন সহ-অধিনায়ক, ‘আমাদের জয় দরকার, তবে আমাদের পারফরম্যান্সও এমন হতে হবে যেন মানুষ আমাদের খেলা দেখতে আসে।’