ভালোবাসা চাই রোনালদোর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি সুখী নই।’ এ মাসের শুরুতে এই ছোট্ট কথাটা বলে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ উইঙ্গার কেন সুখী নন, সেটা এখনো অস্পষ্ট।২৭ বছর বয়সী রোনালদোর ‘দুঃখ’ নিয়ে রয়েছে নানা গুঞ্জন। অনেকে মনে করেন, রিয়াল মাদ্রিদে নিজের বেতন-ভাতা নিয়ে সন্তুষ্ট নন রোনালদো। কেউ আবার বলছেন, তাঁর ক্ষোভের সূত্রপাত ইউরোপ-সেরা হতে না পারার ঘটনায়। খবর বেরিয়েছে, ইউরোপের সেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে তিনি ক্লাবের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন পাননি। রিয়াল অধিনায়ক ইকার ক্যাসিয়াসের ভোটটি নাকি পড়েছিল বার্সেলোনার আন্দ্রেস ইনিয়েস্তার বাক্সে! এসব গুঞ্জনের সঙ্গে নতুন মাত্রা যোগ করলেন রিয়ালের সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার গুতি। তাঁর ধারণা, এই মুহূর্তে ভালোবাসাহীনতায় ভুগছেন রোনালদো। ব্যক্তিগত জীবনের হতাশা থেকেই এমন মন্তব্য করে থাকতে পর্তুগিজ তারকা।‘রোনালদোর যদি কোনো দুঃখ থাকে, সেটা অর্থের জন্য নয়। সম্ভবত এটা তাঁর ব্যক্তিগত কোনো ব্যাপার। সম্ভবত এই মুহূর্তে ওর একটু ভালোবাসা দরকার, যেটা মাঝে মাঝে আমাদের সবারই প্রয়োজন হয়।’ গতকাল শুক্রবার সাংবাদিকদের বলেন গুতি।এবারের লা লিগা অভিযানটা প্রত্যাশামতো হয়নি গত মৌসুমের শিরোপাজয়ী রিয়ালের। চার ম্যাচে অর্জন মাত্র চার পয়েন্ট। অন্যদিকে শিরোপা লড়াইয়ে রিয়ালের মূল প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার অর্জন ১২ পয়েন্ট। তবে গুতি মনে করেন, আট পয়েন্টে পিছিয়ে পড়লেও রিয়ালের ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনো রয়েছে। সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার বলেন, ‘রিয়ালের শুরুটা ভালো হয়নি। কিন্তু এখনো অনেক পথ বাকি। ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সময় রয়েছে।’লা লিগায় গ্রানাডার বিপক্ষে জোড়া গোল করেছিলেন রোনালদো। কিন্তু নিজের গোল উদযাপনের সময় তিনি ছিলেন প্রাণহীন। এ নিয়ে ম্যাচ শেষে সাংবাদিকদের পর্তুগিজ তারকা বলেন, ‘এর কারণ হতে পারে আমার মন খানিকটা খারাপ। এটাই একমাত্র কারণ। আমি গোল উদযাপন করিনি, কারণ আমি সুখী নই।’কেন সুখী নন, সেই ব্যাখ্যা অবশ্য রোনালদো দেননি। তবে সেটি রিয়াল কর্তৃপক্ষ জানে মন্তব্য করে তিনি বলেছিলেন, ‘আমি এর বেশি কিছু বলব না। এখানে যারা কাজ করে তারা জানে, কেন আমি সুখী নই।’ সূত্র: গোল ডটকম।