ভালোবাসায় আপ্লুত টনি গ্রেগ
ক্রিকেট-বিশ্বের অত্যন্ত প্রিয় মুখ টনি গ্রেগ। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই সাবেক ইংল্যান্ড অধিনায়ক খেলোয়াড়ি জীবনের ইতি টেনে ধারাভাষ্যকার হিসেবেও পেয়েছেন চূড়ান্ত জনপ্রিয়তা। টনি গ্রেগের কণ্ঠের মাধুর্যে মধুময় হয়েছে ক্রিকেট। সেই টনি গ্রেগ এখন ক্যানসারে আক্রান্ত। এই খবরে আবেগ আর ভালোবাসায় শুভকামনা জানিয়েছে তাঁর ভক্তকুল। ভক্তদের ভালোবাসায় আপ্লুত টনি গ্রেগ নিজেও। গতকাল এক টুইটার বার্তায় তিনি বলেছেন, নিজের সর্বোচ্চটা দিয়ে ক্যানসারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন তিনি।বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে টনি গ্রেগের জন্য আসছে শুভকামনা। টনি হয়তো নিজেও জানতেন না যে এত মানুষ তাঁকে ভালোবাসে। সবার ভালোবাসায় দারুণ কৃতজ্ঞ টনি এ জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। সবার ভালোবাসাই যে তাঁকে ক্যানসারের বিরুদ্ধে লড়ে যেতে অনুপ্রেরণা জোগাবে—এ কথা জানাতে ভোলেননি তিনি। টনি গ্রেগের জন্য উদ্বিগ্ন গোটা ক্রিকেট-বিশ্ব। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ৬৬ বছর বয়সী এই ক্রিকেটব্যক্তিত্বের আরোগ্য কামনা করেছেন অন্য ক্রিকেট ব্যক্তিত্বরা। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন এক টুইটার বার্তায় লিখেছেন, ‘টনি, তোমাকে খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে হবে। আমরা সবাই তোমার পাশে আছি।’অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক গোটা অস্ট্রেলিয়া দলের হয়ে তাঁর জন্য জানিয়েছেন শুভকামনা। তাঁর টুইটার বার্তাটি অনেকটা এমন, ‘টনি, তোমার এই কঠিন সময়ে পুরো অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি।’পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজা শুভকামনা জানিয়ে বলেছেন, ‘টনি, তোমার সঙ্গে আমাদের দোয়া ও পরামর্শ সব সময়ই আছে। ইনশাআল্লাহ, খুব দ্রুতই তুমি সুস্থ হয়ে উঠবে।’ কদিন আগে টনি গ্রেগের ফুসফুসে একটি ছোট্ট ক্ষত ধরা পড়ে। পরে বায়োপসি করে দেখা যায়, ক্যানসারে আক্রান্ত হয়েছেন এই ক্রিকেট ব্যক্তিত্ব। তবে গ্রেগের এই ক্যানসার কোন পর্যায়ে আছে, সে ব্যাপারে এখনো বিশদ কিছু জানা যায়নি।টনি গ্রেগ ক্রিকেট-বিশ্বে ঝড় তুলেছিলেন ১৯৭৭ সালে। ইংল্যান্ডের বিদ্রোহী ক্রিকেটারদের একজন তিনি, যিনি ধনকুবের ক্যারি প্যাকারের ক্রিকেট সিরিজে অংশ নিয়েছিলেন ওই বছর। অনুমোদন না থাকার কারণে ক্যারি প্যাকার সিরিজে অংশ নেওয়া ক্রিকেটারদের নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ড আজীবনের জন্য বহিষ্কার করেছিল ক্রিকেট থেকে। অন্যান্য দেশের অনেকেই ক্রিকেটে ফিরলেও টনি গ্রেগ আর কখনোই ইংল্যান্ডের হয়ে খেলেননি। ক্যারি প্যাকারের সেই সিরিজই পরবর্তী সময়ে ওয়ানডে ক্রিকেটে সাদা বল ও রঙিন পোশাক প্রবর্তনের পুরোধা হিসেবে গণ্য হয়েছিল। টনি গ্রেগ এর পর থেকে স্থায়ীভাবে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস শুরু করেন। তিনি ক্রিকেট সম্প্রচারে বিপ্লব আনা অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনের একজন নিয়মিত ধারাভাষ্যকার। প্রায় তিন দশক ধরে রিচি বেনোর সঙ্গে টরি গ্রেগ, বিল লরি ও ইয়ান চ্যাপেল ধারাভাষ্য দিয়ে আসছেন। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর অবশ্য টনি গ্রেগ চ্যানেল নাইনের সঙ্গে ধারাভাষ্যকার হিসেবে কাজ চালিয়ে যাবেন কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি। ওয়েবসাইট।