ভালোবাসার উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল আছে অবনমনের শঙ্কায়। ২৭ ম্যাচ শেষেও প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ১৯ নম্বরে পড়ে আছে। কিন্তু সমর্থকদের ভালোবাসার দিক দিয়ে চ্যাম্পিয়ন ক্লাবগুলোর কাতারেই আছে সান্ডারল্যান্ড। প্রতিপক্ষের মাঠেও দর্শকের অভাবে পড়তে হচ্ছে না ইংলিশ ক্লাবটিকে। দলের হারের আশঙ্কা বেশি জেনেও প্রতিপক্ষ সমর্থকদের জন্য নির্ধারিত আসন পূর্ণ করতে হাজির হয়ে যাচ্ছেন সান্ডারল্যান্ডের সমর্থকেরা। এবার তাঁদের ভালোবাসাকে পুরস্কৃত করল ক্লাবটি। গত শনিবার ওয়েস্ট হামের মাঠে ১ হাজার ৭০০ সমর্থকের প্রত্যেককে একটি করে ক্লাবের সবুজ রঙের অ্যাওয়ে জার্সি উপহার দিয়েছে সান্ডারল্যান্ড। সবাইকে নিয়ে একটি ছবিও তুলে রেখেছে ক্লাবটি। ক্লাব অধিনায়ক ও ডিফেন্ডার জন ও’শেয়াও সমর্থকদের ধন্যবাদ দিয়ে বললেন, ‘সোমবার রাতে হোক আর শনিবারের দুপুরে, প্রতিপক্ষের মাঠে সব সময়ই দর্শকদের উপস্থিতি দেখাটা অসাধারণ ব্যাপার।’ ম্যাচের ফলটা অবশ্য অসাধারণ হয়নি, ১-০ গোলে হেরে গেছে সান্ডারল্যান্ড। ডেইলি মেইল।