ভালোবাসার চেয়ে অলিম্পিক বড়!
উসাইন বোল্ট ভালোবাসতেন লুবিকা স্লোভাককে। সেই ভালোবাসায় কোনো খাদ ছিল না। কিন্তু এ মুহূর্তে বোল্টের কাছে অসহ্য ঠেকছে জাতিতে স্লোভাকীয় এই ফ্যাশন ডিজাইনারকে। কারণ, লুবিকা সমস্যা হয়ে দাঁড়িয়েছেন বোল্টের অলিম্পিক ধ্যানে। অলিম্পিকে আরও একবার গতির ঝড় তোলার প্রত্যয়ে মত্ত বোল্ট বিদায় জানিয়েছেন তাঁর ভালোবাসা লুবিকাকে।বেইজিং অলিম্পিকের আগে বোল্টকে কে চিনত! কিন্তু আজ থেকে চার বছর আগে অলিম্পিক অ্যাথলেটিক্সের সবচেয়ে আরাধ্য ও সম্মানের দুটো ইভেন্ট ১০০ ও ২০০ মিটারে নতুন বিশ্ব রেকর্ডসহ সোনা জিতেছিলেন এই ‘থান্ডার বোল্ট’। আসন্ন লন্ডন অলিম্পিকেও এই দুটো ইভেন্টে নিজের সম্মান ধরে রাখাটাই উসাইন বোল্টের রাত-দিনের ভাবনা।লুবিকা এই অধ্যবসায়েই বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি চাইতেন না, তাঁর ‘ভালোবাসা’ বোল্ট রাত-দিন অ্যাথলেটিক্স নিয়েই পড়ে থাকুন। কিন্তু যে অ্যাথলেটিক্স উসাইন বোল্টকে পরিচিতি দিয়েছে, সম্মান এনে দিয়েছে, সেই অ্যাথলেটিক্সকে অবহেলা করাটাকে নিজের সঙ্গেই প্রতারণা মনে করেছেন এই জ্যামাইকান অ্যাথলেট। ভালোবাসার চেয়ে এই মুহূর্তে অ্যাথলেটিক্স ও অলিম্পিক গৌরবকেই প্রাধান্য দিয়েছেন তিনি।এদিকে, বোল্টের এক ঘনিষ্ঠ সূত্র জ্যামাইকার ‘দ্য সান’ পত্রিকাকে জানিয়েছেন, ‘বোল্টের মাথায় এ মুহূর্তে অলিম্পিক ছাড়া আর কিছুই নেই। সে যেকোনো মূল্যে লন্ডন অলিম্পিকে বেইজিংয়ের পুনরাবৃত্তি চায়। ভালোবাসাবাসির জন্য জীবনে অনেক পাওয়া যাবে বলেই মনে করে সে। তাই এ মুহূর্তে এমন কিছু নিয়ে সে ব্যস্ত হতে চায় না, যা তাঁকে তাঁর লক্ষ্য থেকে বিচ্যুত করে দেয়।’