কথাটা অনিল কুম্বলের। আবার এটাই এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মনের কথাও হয়তো। আন্তর্জাতিক ক্রিকেটে বেশ লম্বা যাত্রার পরও বাংলাদেশের সমর্থকদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না বলেই মনে করেন কুম্বলে।
মুশফিকুর রহিমের দলের সাম্প্রতিক পারফরম্যান্স দেখলে এটাকে আরও নির্মম সত্য বলেই মনে হবে। এশিয়া কাপে আফগানিস্তান, তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপে হংকং—এ মাসেই আইসিসির দুই সহযোগী সদস্য দেশ হারিয়েছে বাংলাদেশকে। সব মিলিয়ে পারফরম্যান্স ভালো নয় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ, এশিয়া কাপ ও চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও। টাইমস অব ইন্ডিয়ায় নিজের কলামে বাংলাদেশকে নিয়ে সাবেক ভারতীয় অধিনায়কের মূল্যায়ন, ‘ওরা (বাংলাদেশ) বেশ কয়েকটা বছর ধরে সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এখনো সর্বোচ্চ পর্যায়ের একটা দল হয়ে উঠতে পারেনি।’ ওয়েবসাইট।
কুম্বলের চোখে ক্রিকেটপ্রেমী একটা দেশের দলের জন্য এটা খুবই হতাশাজনক, ‘আপনি যখন দেশটির মানুষের অপরিমেয় ক্রিকেটপ্রেম বিবেচনায় নেবেন, তখন তাদের দলের এই পারফরম্যান্স খুবই হতাশাজনক মনে হবে। সেখানে বিভিন্ন পর্যায়ে যথেষ্ট ক্রিকেট খেলা হয় কিন্তু জাতীয় দল সমর্থকদের এই ভালোবাসার প্রতিদান দিতে পারেনি।’