ভালোবাসার প্রতিদান পেলেন ইনিয়েস্তা
এসপানিওলের সবাই তাঁকে নিজেদের একজন বলেই মানে। পরশু ম্যাচ শুরুর আগেও অনেক দর্শকের হাতে শোভা পেল এসপানিওলের ২১ নম্বর জার্সি, তাতে নাম লেখা—ইনিয়েস্তা। এসপানিওলের অকালপ্রয়াত অধিনায়ক দানি জার্কের প্রতি ইনিয়েস্তার ভালোবাসার প্রতিদান। পরশুর ম্যাচে স্বাগতিক এসপানিওলের দর্শকেরা প্রিয় দলের সঙ্গে উৎসাহ দিয়ে গেল ইনিয়েস্তাকেও।২৬ বছর বয়সে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া জার্কের সঙ্গে স্পেনের যুবদলে একসঙ্গে খেলেছেন ইনিয়েস্তা। প্রিয় বন্ধুর অকালমৃত্যু তাঁকে এতটাই ছুঁয়ে গিয়েছিল যে, বিশ্বকাপের ফাইনালে জয়সূচক গোলটি তাঁকেই উৎসর্গ করেছিলেন। গোল করেই জার্সি খুলে ফেলেছিলেন, ভেতরের টি-শার্টে লেখা ছিল: ‘দানি জার্ক, তুমি সব সময় আমাদের সঙ্গেই থাকবে।’ইনিয়েস্তার এই আবেগ নাড়িয়ে দিয়েছে এসপানিওলের সমর্থকদের হূদয়। পরশু ম্যাচের শেষ দিকে ইনিয়েস্তাকে তুলে নেওয়ার সময় পুরো গ্যালারি উঠে দাঁড়িয়ে সম্মান জানায় তাঁকে। অথচ ম্যাচটি ছিল নগর প্রতিদ্বন্দ্বীদের লড়াই। জার্কের তো আর সশরীরে থাকার উপায় নেই। তবে স্বর্গ থেকে তিনিও নিশ্চয়ই মুগ্ধ হয়ে দেখেছেন তাঁর হয়ে বন্ধুর প্রতি ক্লাবের কৃতজ্ঞতা প্রকাশ।ইনিয়েস্তাকেও নাড়া দিয়ে গেছে এটি, ‘মাঠে খেলার সময়ই অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। এটাই সবচেয়ে বড় ব্যাপার। প্রতিদ্বন্দ্বিতার চেয়ে এটাই বেশি গুরুত্বপূর্ণ।’দুই কোচের সংবাদ সম্মেলনেও বিষয়টি উঠে এল। এসপানিওল কোচ মরিসিও পচেত্তিনো বললেন, ‘সমর্থকেরা আন্দ্রেসকে খুবই ভালোভাবে অভ্যর্থনা দিয়েছে। এটাই তো আমাদের সমর্থকদের আসল পরিচয়।’ আর পেপ গার্দিওলা বললেন, ‘এটা আন্দ্রেসের প্রাপ্যই ছিল।’ ওয়েবসাইট।