ভালোবাসায় আপ্লুত রোনালদো

বছরের গোড়াতেই লিওনেল মেসিকে হারিয়ে জিতেছিলেন ব্যালন ডি’অর। এরপর রিয়াল মাদ্রিদের হয়ে ‘লা ডেসিমা’। স্বদেশি কিংবদন্তি ইউসেবিওর মতো এবার অত্যুজ্জ্বল কিছু করবেন ক্রিস্টিয়ানো রোনালদো, সে আশায় বুক বেঁধেছিলেন পর্তুগিজরা। কিন্তু সে আশায় গুড়েবালি! বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় হয়ে গেছে পর্তুগালের। ফিফা বর্ষসেরা খেলোয়াড় শনিবার লিসবন বিমানবন্দরে পা রাখলেন শূন্য হাতেই।
পর্তুগিজ খেলোয়াড়দের মনে নিশ্চয়ই শঙ্কা ছিল অভ্যর্থনাটা কেমন হবে। গত বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর রোম বিমানবন্দরে ইতালীয় দলের ওপর টমেটো বর্ষণের ঘটনাটি হয়তো অনেকেরই স্মৃতিতে ছিল। কিন্তু এ কি! লিসবন বিমানবন্দরে নেমে যেন বীরের সম্মানই পেলেন তাঁরা। বিমানবন্দরে সমর্থকদের ভিড় ছিল। অনেকেই স্লোগান দিয়ে জানিয়েছেন তাঁদের ভালোবাসার কথা। পর্তুগিজ খেলোয়াড়েরা নিশ্চয়ই আফসোসে পুড়েছেন, ‘এই ভক্তকুলকে এমন বিশ্বকাপ উপহার দিলাম আমরা!’
টিম বাসের ব্যবস্থা ছিল না। খেলোয়াড়েরা বিমানবন্দর থেকে বেরিয়ে নিজ নিজ ব্যবস্থাপনায় গন্তব্যে পৌঁছেছেন। রোনালদো বাক্স-প্যাটরা নিয়ে উঠেছিলেন এক ট্যাক্সি-ক্যাবে।
ব্যর্থতার পরেও সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ না হয়ে পারেননি রোনালদো, ‘এটাই পর্তুগিজদের ভালোবাসা। বিশ্বকাপ থেকে বিদায়ের তিক্ত স্বাদের পরেও মনে হচ্ছে যেন সব পেয়েছি।’