ভালোবাসায়-ক্ষোভে মারী স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় আড়াই ঘণ্টার অনুষ্ঠান। আরও দীর্ঘ হলেও কারও কাছে ক্লান্তিকর লাগত না। কিংবদন্তি ফুটবলার চিহ্লা মং চৌধুরী মারীর জীবনের গল্প তো সহজে ফুরানোর নয়। এ কারণেই কাল আয়োজিত তাঁর স্মরণসভায় শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে থাকল। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটরিয়ামে নেমে এল পিনপতন নীরবতা। গত ৯ মে তিনি পরপারে পাড়ি জমিয়েছেন। পেছনে রেখে গেছেন ১৯৫১ থেকে ১৯৭০ পর্যন্ত বর্ণাঢ্য এক ফুটবল ক্যারিয়ারের স্মৃতি। খেলেছেন পাকিস্তান জাতীয় দলে। ভলিবল, অ্যাথলেটিকসেও দক্ষতা ছিল। তবে মারীর মূল পরিচয় ছিল ফুটবলার। অনেকের চোখে এই ভূখণ্ডে জন্ম নেওয়া সর্বকালের সেরা ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরই উচিত ছিল তাঁর একটা স্মরণসভার আয়োজন করা। কিন্তু সেই উদ্যোগটি নিতে হয়েছে মারীর পরিবারকেই। কাল আয়োজিত সেই অনুষ্ঠানে ফুটবল ফেডারেশনের একজন লোকও উঁকি দেননি। ব্যাপারটা উপস্থিত সবাইকেই পীড়া দিয়েছে। উপস্থিত বলতে হাতেগোনা পঞ্চাশ-ষাট দশকে মারীর কয়েকজন সহ-খেলোয়াড় এবং শুভানুধ্যায়ী। এ ছাড়া পরিবারের সদস্য ও কয়েকজন সাংবাদিক। তাতে মারীর কীর্তিময় জীবনের অর্জন ম্লান হয় না। তাঁকে নিয়ে বলতে গিয়ে স্মৃতির ঝাঁপি খুলে দেন সাবেক সতীর্থরা।তবে শুরুতেই স্মৃতিচারণায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সামনে আনলেন এই দিনের প্রাসঙ্গিক বিষয়টা, ‘এ স্মরণসভা বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজন করলে ভালো হতো। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও তা করতে পারত।’ কিশোর বয়সে মারীর খেলা দেখার অদম্য বাসনা কীভাবে তাঁকে মাঠে টেনে নিত, মতিউর রহমানের স্মৃতিচারণার বড় অংশজুড়ে থাকল তা।বক্তাদের সবার কথাতেই ফুটে উঠেছে ফুটবলার হিসেবে মারীর অনন্যতা। আজকের প্রজন্ম মারীকে চেনে না। কিন্তু তাঁর সতীর্থদের চোখেও তিনি ছিলেন সত্যিকার নায়ক। মারীর সঙ্গে এবং বিপক্ষে খেলা বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক কামরুজ্জামান বললেন, ‘এ অঞ্চলের ফুটবল ইতিহাসের সেরা আনন্দদায়ী খেলোয়াড় মারী। তিনি ছিলেন দেবতুল্য ব্যক্তিত্ব। আমি বলব মারীর মতো খেলোয়াড়েরা আর্জেন্টিনায় জন্মালে হয় ম্যারোডোনা। হাঙ্গেরিতে জন্মালে পুসকাস। আর বাংলাদেশে মারী, যাঁকে আমরা প্রাপ্য সম্মান দিতে পারিনি।’মারীর পায়ে তীব্র গতির শট ছিল, গোলরক্ষক হিসেবে তা সামলাতে হতো মনজুর হাসান মিন্টুকে। মারীকে ম্যানইউ কিংবদন্তি রায়ান গিগসের সঙ্গে তুলনা করে তাঁর কথা, ‘মারী ভাই বাঁ পায়ের হলেও ডান পা-ও কম যেত না। তাঁর পায়ে ছিল কামানের গোলার মতো শট। এই দেশে দ্বিতীয় মারী পাওয়া আমাদের জন্য ভাগ্যের ব্যাপার।’বক্তারা সবাই ‘মারীদা’ কত বড় ফুটবলার ছিলেন, এটা বলার পাশাপাশি তিনি প্রাপ্য সম্মান পাননি বলে ক্ষোভও প্রকাশ করলেন। একটা সময় পরিবেশটা ভারী হয়ে উঠল এই ক্ষণজন্মা ফুটবলারের জীবনের কিছু স্থিরচিত্র এবং রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করার ভিডিও দৃশ্য বড়পর্দায় দেখে। জানা গেল, অসুস্থ বাবাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে চাকরি হারিয়েছেন মারীর তিন ছেলের মেজোজন। পরিবারটি এখন অসহায়। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু ক্ষোভে ফেটে পড়েন, ‘বাফুফের উদাসীনতা অবাক করেছে। তারা মারী ভাই সম্পর্কে ভুল তথ্য দিয়েছে। মৃত্যুর পর আমাদের নিয়েও হয়তো ভুল তথ্য প্রচারিত হবে।’ বশির আহমেদ, প্রতাপ শংকর হাজরা আবেগাক্রান্ত হয়ে বক্তব্য শেষই করতে পারেননি।যাঁর সঙ্গে জীবনের ৪০টি বছর কাটিয়েছেন মারী, সেই জীবনসঙ্গিনী ইন্দুলেখা মারীর কথা মন্ত্রমুগ্ধ করে রাখল সবাইকে, ‘তাঁর ধনসম্পদ ছিল না। ছিল মনের ঐশ্বর্য। আশ্চর্য এক মহিমান্বিত দ্যুতি নিয়ে দিন কাটিয়েছেন পৃথিবীতে।’ক্ষোভ, হতাশা আর ভালো লাগার মধ্যে শেষক্ষণে মিলল একটা প্রাপ্তি, যখন পাবর্ত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা আশ্বাস দিলেন, প্রয়াত মারীর নামে ওই অঞ্চলে কোনো স্টেডিয়াম বা রাস্তার নামকরণ করা হতে পারে।তা করা হলে এই কিংবদন্তির প্রতি কিছুটা হলেও শ্রদ্ধা জানানো হবে।