ভালোবাসায় চিরবিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্টেডিয়ামে বছরের পর বছর খেলা দেখেছেন। ক্রীড়া সাংবাদিক হিসেবে ম্যাচ কাভার করেছেন। উপস্থিতি ছিল বাফুফের সাধারণ সম্পাদক হিসেবেও। কাল সে মাঠেই হলো তাঁর জানাজা। দুপুরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে জানাজা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন আল মুসাব্বির সাদী (পামেল)।এর আগে সকালে তাঁর মরদেহ নেওয়া হয় বাফুফে ভবন চত্বরে। ক্রীড়া সাংবাদিকতায় ছেদ টেনে বছর দুয়েক আগে এই ভবনকেই বেছে নেন কর্মস্থল হিসেবে। ক্যানসারের থাবায় মাত্র ৪৪ বছরে অকালমৃত্যুর কোলে ঢোলে পড়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন বাফুফের সাধারণ সম্পাদক হিসেবে।সহকর্মীকে হারিয়ে বাফুফের কর্মকর্তা ও কর্মীরা ছিলেন শোকাহত। শোক জানাতে এসেছেন ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনেরা। ভবন চত্বরে জানাজা হয়েছে। সিঙ্গাপুরে সাফের সভা শেষে পরশু সন্ধ্যায় ঢাকায় ফেরা বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন প্রয়াত পামেলের স্ত্রী, শিশুপুত্রদের ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।বাফুফের পক্ষ থেকে প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদকের খোঁজখবর ঠিকভাবে নেওয়া হয়নি—এমন অভিযোগের ব্যাপারে সালাউদ্দিন বললেন, ‘আমি নিজে ওর চিকিৎসার জন্য ১৫ লাখ টাকা দিয়েছি। এএফসি সভাপতি মোহাম্মদ বিন হাম্মামের কাছ থেকে ২০ হাজার ডলার (প্রায় ১৫ লাখ টাকা) তুলে দিয়েছি।’শোকের মধ্যেই সালাউদ্দিন জানালেন, ‘ভবিষ্যতে ওর দুই ছেলে এবং পরিবারের জন্য ৫০ লাখ থেকে এক কোটি টাকা তুলে দেব। এ জন্য একটু সময় চাই। এ ছাড়া আগামী সাত মাস পর্যন্ত তাঁর বেতন অব্যাহত থাকবে। বাফুফে কিছু করেনি বলে অপপ্রচার ছড়ানোর কোনো অর্থ হয় না।’এদিকে পামেলের অকালমৃত্যুতে কাল শোক প্রকাশ করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, কাবাডি ফেডারেশন ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা।