ভালোবাসায় সিক্ত কলসিন্দুরের মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ বিজয়ী কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে ফুটবলারেরা আজ ময়মনসিংহে পৌঁছালে শহরের রেলস্টেশনে বাফুফে ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। ছবি: জগলুল পাশা
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ বিজয়ী কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে ফুটবলারেরা আজ ময়মনসিংহে পৌঁছালে শহরের রেলস্টেশনে বাফুফে ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। ছবি: জগলুল পাশা

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে টানা তৃতীয়বারের মতো বিজয়ী হওয়া ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা সিক্ত হলো ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায়।
আজ বুধবার ময়মনসিংহে ফিরলে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল ফেডারেশন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ধোবাউড়া উপজেলা শাখা, ময়মনসিংহের সংবাদপত্রের এজেন্ট প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ মেয়েদের ভালোবাসায় সিক্ত করেন।

আজ বেলা দেড়টায় ঢাকা থেকে একটি আন্তনগর ট্রেনে করে ময়মনসিংহ ফিরে বঙ্গমাতা গোল্ডকাপ বিজয়ী দল। মেয়েদের সঙ্গে ছিলেন কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি রানী, সহকারী শিক্ষক ও ফুটবল প্রশিক্ষক মফিজ উদ্দিনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং ব্যবস্থাপক কমিটির সভাপতি আবুল হাসেমসহ অনেকেই।

ট্রেন থেকে নামার পরই পরই জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল ফেডারেশনের উপস্থিত কর্মকর্তারা মেয়েদের ফুলের পাপড়ি দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিজয়ী দলের প্রত্যেক সদস্যের হাতে গোলাপ, রজনীগন্ধা ও গলায় গাঁদা ফুলের মালা পরিয়ে বরণ করা হয়। এ সময় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন চত্বরে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।

টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা রোজিনা আক্তার জানায়, ‘খুব ভালো লাগছে। আমাদের মানুষ এত ভালোবাসবে এইটা আমরা আগে ভাবতে পারিনি।’
দলের আরেক সদস্য জানিরা মান্দা জানায়, ‘আমি ট্রেন থেকে নেমে হাঁটার সময় কাঁধের ব্যাগটা একজন নিজের কাঁধে করে নিয়ে আমাকে এগিয়ে দিয়েছে। আমার খুব ভালো লেগেছে।’

বেলা সাড়ে তিনটার দিকে কলসিন্দুর দল ময়মনসিংহ থেকে ধোবাউড়ার উদ্দেশে রওনা দেয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে মানুষ ভালোবাসায় সিক্ত করে খুদে ফুটবলারদের। মেয়েদের বরণ করে নিতে কলসিন্দুরসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ ও মেয়েদের অভিভাবকেরা উপজেলা সদরে ভিড় করেন।

২০১১ সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের জন্য শুরু হয় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ২০১১ ও ২০১২ সালে জেলা পর্যায়ে বিজয়ী হলেও জাতীয় পর্যায়ে হেরে যাওয়া কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরবর্তী সময়ে অদম্য হয়ে ওঠে। ২০১৩ সাল থেকে টানা তিনবার বঙ্গমাতা গোল্ডকাপে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে এই দলটি। এই স্কুলের হয়ে ২০১১ থেকে ২০১৪ সালের বঙ্গমাতা গোল্ডকাপ খেলা ১৮ জন মেয়ে ময়মনসিংহ জেলা নারী ফুটবল দলের সদস্য। ১০ জন মেয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ দলের এবং সর্বশেষ সদ্য শেষ হওয়া এসএ গেমসে বাংলাদেশ নারী দলের হয়ে খেলে কলসিন্দুরের পাঁচজন মেয়ে।