ভালোয় ভালোয় শেষ হবে তো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 জোহানেসবার্গবেলা ১১টা থেকেই জনস্রোত ছুটতে লাগল এলিসপার্কের দিকে। পরের এক ঘণ্টায় ২ মাইল পরিধির সব প্রবেশপথ বন্ধ করে দিল পুলিশ। মনে মনে প্রমাদ গুনলাম, ২০০১ সালের সেই দুর্ঘটনা মনে করিয়ে দিচ্ছিল এই জনস্রোত। তবে জানা ছিল, সেদিন এলিসপার্কে (অরল্যান্ডো পাইরেটস আর কাইজার চিফসের ফুটবল ম্যাচে) ৬০ হাজারের জায়গায় ঢুকেছিল ১ লাখ লোক। আজ সেই সুযোগ নেই। এ তো বিশ্বকাপের খেলা। ৬০ হাজার ধারণক্ষমতার বেশি দর্শক কিছুতেই ঢুকতে পারবে না। মাঠে গিয়ে দেখা গেল অনেক আসন ফাঁকা।ম্যাচটিকে বলা হচ্ছিল দুই দিনের মধ্যে সবচেয়ে বড় ম্যাচ। গ্যালারিতে সেই উত্তাপ কোথায়? প্রায় ঘরের কাছে বিশ্বকাপ, নাইজেরিয়ার সমর্থক তো তেমন নেই!গ্যালারি মাতিয়ে রাখল আর্জেন্টাইন সমর্থকেরাই। গায়ে সেই উজ্জ্বল আকাশি-সাদা জার্সি, হাতে ব্যানার, কারও কারও হাতে ভুভুজেলা। কেউ মুখে আঁকিয়ে নিয়েছে পতাকা। কেউ মেসি বা ম্যারাডোনার ছবি। এমনই একজন অ্যাঞ্জেলিনা। দুই বছর আগে থেকে পরিকল্পনা করেছিলেন বুয়েনস এইরেসের মেয়েটি। বন্ধু আন্দ্রেসকে নিয়ে সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে পেরে অ্যাঞ্জেলিনা দারুণ খুশি, ‘আমার কী যে ভালো লাগছে। আমরা এখান থেকে কাপ নিয়েই দেশে যেতে চাই।’ভুভুজেলা যত গর্জাল, গ্যালারি কিন্তু তত বর্ষাল না। মানে একেবারে টইটম্বুর হলো না। তবে মিডিয়া সেন্টারে ধেয়ে আসছিল ২০০১ সালের স্মৃতি। ম্যাচ টিকিটের জন্য বিশাল লম্বা লাইন। ভিড়ের চাপে অনেকেরই পদপিষ্ট হওয়ার জোগাড়। ফিফার মিডিয়া অফিসার জানালেন, ‘আমরা আগে ৬০০ টিকিট বরাদ্দ রেখেছিলাম, পরে সেটা বাড়িয়ে ৯০০ করেছি। তার পরও সাংবাদিক বেশি। আমরা কী করব!’এটা আসলে অজুহাত। নানা জায়গায় ব্যর্থতার অজস্র কালো দাগের মধ্যে ফিফার মিডিয়া টিকিট বিতরণ একটি। নিয়ম হলো সবাই সারিবদ্ধভাবে দাঁড়াবে, যাঁদের টিকিট অনুমোদিত, তারা আগে নিয়ে চলে যাবে। তারপর অপেক্ষমাণদের দেওয়া হবে। আমি ছিলাম অপেক্ষমাণ তালিকার ওপরের দিকে। কিন্তু তাঁরা টিকিট বিতরণ করলেন মুখ দেখে। পরে অবশ্য টিকিট মিলেছে, অনেক দেনদরবারের পর।দক্ষিণ আফ্রিকায় কাল ছিল ছুটির দিন। তার পরও যেমনটা প্রত্যাশা করা গিয়েছিল, সেই বাঁধভাঙা ভিড় শেষ পর্যন্ত নাকি হয়নি ম্যান্ডেলা পরিবারের শোকাবহ ঘটনার কারণে। অনেক দক্ষিণ আফ্রিকানেরই মন খারাপ। গত শুক্রবার ম্যান্ডেলার প্রপৌত্রী জেনানা ম্যান্ডেলা মারা গেছে আসলে দুর্ঘটনায়। অরল্যান্ডো স্টেডিয়ামে কিক-অফ উৎসব দেখে ফিরছিল স্কুলপড়ুয়া এই ছাত্রী। পরিবারের যার সঙ্গে গিয়েছিল, সে মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিল। পরে হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি জেনানাকে। পরশু রাতেই গ্রেপ্তার করা হয়েছে ওই চালককে।গত দুই বছরের মধ্যে এ নিয়ে দুবার ঘটল এমন দুর্ঘটনা ম্যান্ডেলার পরিবারে। এর আগে ম্যান্ডেলার চাচাতো ভাইয়ের আট বছর বয়সী এক প্রপৌত্র মারা যায় জলে ডুবে।ম্যান্ডেলার কিছু হলে, তাঁর পরিবারে কিছু হলে দক্ষিণ আফ্রিকানরা কষ্ট পায়। এ জন্যই নাকি স্টেডিয়ামে অনেক আসন ফাঁকা দেখা যাচ্ছে।তবে মনের মধ্যে দুঃখ চেপে রেখেও প্রিয় মাদিবা সবার কাছে আহ্বান রেখেছেন, বিশ্বকাপকে এযাবত্কালের সেরা আয়োজনে পরিণত করতে হবে। বিশ্বকে চমকে দিতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ম্যান্ডেলার কথার সূত্র ধরেই দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা বেশ চড়া গলায় বললেন, ‘আমাদের সামর্থ্য নিয়ে যারা কটাক্ষ করেছিল, তাদের আজ দেখিয়ে দিলাম আমরাও পারি।’একটা বিশ্বকাপের প্রথম দিনেই সবকিছু দেখানো যায় না। এখনো এটির ২৮টি দীর্ঘদিন বাকি। দেখা যাক, সত্যিই আফ্রিকার প্রথম বিশ্বকাপ মনে রাখার মতো হয় কি না। তবে এখন পর্যন্ত যা গতি, আশার সঞ্চার তাতে হচ্ছে না।