ভালোয়-মন্দে মেশানো সিরিজ
শেষ ম্যাচটা ১৪৪ রানের বড় ব্যবধানে হারলেও ন্যাটওয়েস্ট সিরিজ নিয়ে খুব বেশি হতাশ হওয়ার কথা নয় বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। ২৪৭ দিন আর ২৪ ম্যাচ পর আরও একটা ওয়ানডে জয় তো এই সিরিজেই পাওয়া গেল! জয়টাও আবার ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে, বহু প্রতীক্ষিত জয়।তবে তিন ওয়ানডের সিরিজের পরিসংখ্যানের দিকে তাকালে বাংলাদেশ দল নিয়ে খুশি হওয়ার মতো বেশি উপকরণও কিন্তু পাবেন না। বিস্ময়কর হলেও সত্যি, সিরিজে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই এক শর বেশি রান করতে পারেনি! তিন ম্যাচ খেলে সর্বোচ্চ ৯৭ রান করেছেন জুনায়েদ সিদ্দিক, দ্বিতীয় সর্বোচ্চ ওপেনার ইমরুল কায়েসের, ৯৪। ৫০ এর ওপর রান আছে আর কেবল রকিবুল হাসান (এক ম্যাচে ৭৬), মাহমুদ উল্লাহ (তিন ম্যাচে ৭০), জহুরুল ইসলাম (দুই ম্যাচে ৬৭) ও তামিম ইকবাল (তিন ম্যাচে ৬২)। সিরিজের তিন ম্যাচেই বাংলাদেশ দল দুই শর বেশি রান করেছে, প্রথম ম্যাচে তো করল ২৫০। তার পরও ব্যাটসম্যানদের মোট রানের ঘরগুলো এ রকম হতাশাজনক হওয়ার কারণ সম্ভবত একটাই—ধারাবাহিকতার অভাব।গত মে-জুনে খেলে আসা টেস্ট সিরিজের দুই টেস্টেই সেঞ্চুরি করে ব্রিটিশদের দৃষ্টি ভালোই কেড়েছিলেন তামিম ইকবাল। কিন্তু ওয়ানডেতে দারুণ ফ্লপ এই বাঁহাতি ওপেনার। তিন ম্যাচে রান করেছেন ২৮, ১৮ আর ১৬। বল হাতে সাফল্য পেলেও ব্যাট হাতে সাকিব আল হাসানও বের হাতে পারছেন না ব্যর্থতার বৃত্ত থেকে (তিন ম্যাচে রান ২০, ১ ও ৬)। তিন ম্যাচে দলের পক্ষে ফিফটি মাত্র তিনটা—প্রথম ওয়ানডেতে জুনায়েদের ৫১ আর রকিবুল হাসানের ৭৬ এবং দ্বিতীয় ওয়ানডেতে ইমরুলের ৭৬। যাঁরা ফিফটি করেছেন, তাঁরাও অন্য ম্যাচগুলোতে ভালো কিছু করতে পারেননি। তিন ম্যাচে ৫১, ২১ ও ২৫ রান করা জুনায়েদের পারফরম্যান্সকেই তাই সিরিজে সবচেয়ে বেশি ধারাবাহিক বলতে হচ্ছে।বোলারদের মধ্যে সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজেই। ইনজুরি থেকে ফিরে নতুন করে পেয়েছেন অধিনায়কত্ব, ব্রিস্টলের জয় আর ম্যান অব দ্য ম্যাচ হওয়া তো আছেই, নেতৃত্ব ফিরে পাওয়ার উপলক্ষ উদ্যাপন করেছেন ব্যক্তিগত পারফরম্যান্সেও। তিন ম্যাচে ২৬ ওভার বল করে পেয়েছেন দলের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট। এই সিরিজে ব্যাট হাতেও কিছুটা খুঁজে পাওয়া গেল পুরোনো মাশরাফিকে। তিন ম্যাচে মাত্র ৪১ রান, তবে মাঝখানে কিছুদিন তাঁর ব্যাটিংটা যে রকম অদ্ভুত লাগত, এবার সে রকম লাগেনি।অধিনায়ক মাশরাফির জন্য তাই ইংল্যান্ড সিরিজ সব মিলিয়ে খারাপ কাটেনি। তার পরও সিরিজ জয়ের হাতছানিটা বিশাল পরাজয়ে ঢেকে যাওয়ায় অতৃপ্তি আছে তাঁর। পরশু ম্যাচ শেষে সেটা জানিয়েছেনও বাংলাদেশ অধিনায়ক, ‘খুবই হতাশাজনক হলো ব্যাপারটা। পুরো দলই খারাপ খেলেছে। অন্যদিকে স্ট্রাউস আর ট্রট দারুণ খেলল। ঠিক জায়গায় বল ফেলার কাজটাই করতে পারিনি আমরা।’ভালোয়-মন্দে মেশানো ইংল্যান্ড সফর শেষে মাশরাফির দৃষ্টি এখন আয়ারল্যান্ড সিরিজের দিকে। দুই ওয়ানডের সিরিজে বেলফাস্টে কালই প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ দল। পরের ম্যাচ ১৬ জুলাই। এরপর স্কটল্যান্ডে ১৯ ও ২০ জুলাই শেষ দুটি ম্যাচ স্কটল্যান্ড ও হল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ড ছাড়ার আগে এই ম্যাচগুলো নিয়ে আশার কথাই শুনিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, ‘ভালো খেলেই সব কটি ম্যাচ জিততে হবে আমাদের। আমি আত্মবিশ্বাসী, আগের চেয়েও ভালো কিছু করে দেখাতে পারব।’