ভাষা খুঁজে পাচ্ছেন না ডমেনেখ
বিশ্বকাপের পর দায়িত্ব নিয়ে ফ্রান্স দলে কী কী পরিবর্তন আনতে পারেন লরাঁ ব্লাঁ, তাই নিয়ে জোর আলোচনা চলছে ফ্রেঞ্চ মিডিয়ায়। বোদ্ধারাও নানা পরামর্শ দিতে শুরু করেছেন বিশ্বকাপের প্রথম গোল্ডেন গোল স্কোরার ও ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপুর্ণ সদস্য ব্লাঁকে। বিশ্বকাপ শুরু হলো মাত্রই সপ্তাহখানেক, এখনই বিশ্বকাপের পরে কী হবে তা নিয়ে এত আলোচনার কারণ ফ্রান্সের বিশ্বকাপ যে প্রায় শেষই! প্রথম ম্যাচে উরুগুয়ের সঙ্গে ড্র করার পর পরশু মেক্সিকোর কাছে ০-২ গোলে হেরেছে বর্তমান রানার্সআপরা।কাগজে-কলমে সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি অবশ্য। গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে ফ্রান্স যদি দক্ষিণ আফ্রিকাকে হারায়, তাহলে উরুগুয়ে-মেক্সিকো ম্যাচে হারা দলের সঙ্গে পয়েন্ট সমান হয়ে যাবে তাদের। গোল-ব্যবধানে তখন নির্ধারিত হবে গ্রুপের দ্বিতীয় দল। উরুগুয়ে-মেক্সিকো ম্যাচ ড্র হলে অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে জিতেও ফ্রান্সের লাভ হবে না। গোটাতে হবে তল্পিতল্পা। এ ধরনের পরিস্থিতি ফ্রান্সের জন্য নতুন কিছু নয়। গত বিশ্বকাপেও খাদের কিনারা থেকে ফাইনাল খেলেছে তারা। কিন্তু এবারও তেমন কিছু করতে পারবে, এটা যে বিশ্বাস করতে পারছেন না তাঁরা নিজেরাই!ম্যাচ শেষে কোচ রেমন্ড ডমেনেখের প্রতিক্রিয়া শুনুন, ‘আমাদের শক্ত থাকতে হবে, সম্মান বাঁচানোর জন্য খেলতে হবে। শেষ ম্যাচে অন্তত কিছু যেন আমরা দেখাতে পারি।’ এবার শুনুন অধিনায়ক প্যাট্রিক এভরার কথা, ‘আমরা মোটেও ভালো দল নই। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ড থেকে যে দল বাদ পড়তে পারে, সে দল বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেও বাদ পড়তে পারে। এরপর আর ফুটবল নিয়ে ভাবারই কিছু নেই। আমি শুধু বলতে পারি, এটা একটা বিপর্যয়।’ অধিনায়কের কণ্ঠেই যদি চূড়ান্ত হতাশা থাকে, সেই দলের ঘুরে দাঁড়ানোর আশাটা আর থাকে কোথায়? উইঙ্গার ফ্লোরেন্ত মালুদাও তাই একই রকম হতাশ, ‘আমাদের সম্মান রক্ষার দায়িত্ব এখন আমাদের হাতেই। এভাবে হারাটা চূড়ান্ত লজ্জার। তবে অন্তত একটা জয় ছাড়া আমরা দেশে ফিরতে পারি না।’মানে তারা নিজেরাই দেশে ফেরার প্রস্তুতি নিতে শুরু করেছেন। এখনো পর্যন্ত যা পরফরম্যান্স, ফুটবলবোদ্ধারা প্রশ্ন তুলছেন ফ্রান্সের বিশ্বকাপ খেলার যোগ্যতা নিয়েই। নখদন্তহীন আক্রমণভাগ, বিবর্ণ মাঝমাঠ আর নড়বড়ে রক্ষণ—এখনো পর্যন্ত বিশ্বকাপের ফ্রান্স তো এই! পোলকওয়েনে পরশু তাদের গতি দিয়ে নাস্তানাবুদ করে ছেড়েছে মেক্সিকো। একের পর এক আক্রমণ করে গেলেও অবশ্য প্রথমার্ধে খেলা ছিল গোলশূন্য। ৬৪ মিনিটে মেক্সিকোকে এগিয়ে দেন হাভিয়ের হার্নান্দেজ। প্রথম ম্যাচের গোলদাতা রাফায়েল মার্কেজের দারুণ এক চিপে ফ্রান্সের অফসাইড ফাঁদ ভেঙে গোল করেন বদলি হিসেবে নামা হার্নান্দেজ। ১৫ মিনিট পর জয় নিশ্চিত হয় গোলকিপারদের বাইরে এবারের বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী ফুটবলার কথেমক ব্লাঙ্কোর পেনাল্টি গোলে।গত বিশ্বকাপেও প্রথম দুই ম্যাচে ড্র করার পর অবস্থাটা অনেকটা এমনই দাঁড়িয়েছিল। কিন্তু ভাগ্যটা অন্তত নিজেদের হাতে ছিল, টোগোর বিপক্ষে জিতলেই চলত। কিন্তু এবার যে শুধু জিতলেই চলবে না! ডমেনেখের কণ্ঠে তাই ছিল অসহায়ত্ব, ‘এখন অলৌকিক কিছু একটা প্রয়োজন। ভাগ্য যখন অন্যদের হাতে, আমরা তখন আর কী করতে পারি!’ তবে ফ্রান্সের এই অসহায় অবস্থার জন্য অনেকে দায়ী করছেন কোচকেই। ডমেনেখের দল নির্বাচন নিয়ে সমালোচনা অনেক দিন থেকেই। প্রথম ম্যাচে সেরা একাদশে নামানো হয়নি চেলসির হয়ে সদ্য শেষ মৌসুমে দুর্দান্ত খেলা মালুদাকে। থিয়েরি অঁরিকে প্রথম ম্যাচে বদলি হিসেবে নামানো হয়েছিল, কাল তো নামানোই হলো না।দলের অবস্থাটা পরিষ্কার ডমেনেখের শেষ কথাতেই, ‘আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। যদি জানতাম কী করতে হবে, আমি কিছু একটা করতাম। আমাদের ইচ্ছের কোনো কমতি ছিল না। আমার অনুভূতিটা আর দশটা ফ্রান্স সমর্থকের মতোই। এটা হতাশার চেয়েও বেশি কিছু।’যে দলের কোচের মুখে এমন কথা, সেই দলের ভবিষ্যৎ আর কী হতে পারে! এএফপি।