ভাষা হারিয়ে ফেলেছেন ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলবোর্ন টেস্ট নিয়ে কত স্বপ্নই না ছিল! পার্থে এসেছে সমতা, আর মেলবোর্নে জিতে সিরিজে এগিয়ে যাবে অস্ট্রেলিয়া। এই স্বপ্ন দুঃস্বপ্নে রূপ নিয়েছে প্রথম দিনেই। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অলআউট হয়েছে মাত্র ৯৮ রানে! মেলবোর্নে ব্যাটসম্যানদের এমন বিপর্যয়ে ভাষা খুঁজে পাচ্ছেন না দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করা মাইকেল ক্লার্ক।‘এমন ব্যাটিং ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের অজুহাত দেওয়ার কিছু নেই। আমরা বেশ কিছু বাজে শট খেলেছি। যথেষ্ট শৃঙ্খলাও দেখাতে পারিনি,’ দিন শেষে সরল স্বীকারোক্তি মাইকেল ক্লার্কের।ব্যাটসম্যানদের বাজে পারফরম্যান্সের পর হতাশ হয়েছেন অস্ট্রেলিয়ার বোলাররাও। দিনের খেলা শেষ হওয়ার সময় ইংল্যান্ড তুলে নিয়েছে ১৫৭ রান। অথচ কোনো উইকেটই তুলে নিতে পারেননি অসি বোলাররা। ক্রিকেটারদের মনোভাব প্রশ্নে ক্লার্ক বলেন, ‘আমরা সবাই হতাশ, বিশেষ করে ব্যাটসম্যানরা। আমরা জানি টেস্ট আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। ব্যাটসম্যানদের মতো বোলাররাও হতাশ। তাঁরা কোন উইকেট শিকার করতে পারেননি।’এবারের অ্যাশেজ লড়াইয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং ব্যর্থতার জ্বলন্ত উদাহরণ দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক। এ পর্যন্ত সহ-অধিনায়ক মাইকেল ক্লার্কের সংগ্রহ ১৩৫ রান। এর মধ্যে অ্যাডিলেডে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে রয়েছে ৮০ রানের ইনিংস। অধিনায়কের অবস্থাটা আরও নাজুক। এ পর্যন্ত রিকি পন্টিংয়ের সংগ্রহ মাত্র ৯৩ রান! এমন বাজে ব্যাটিংয়ের কারণে ক্যারিয়ার নিয়েই প্রশ্ন উঠেছে পন্টিংয়ের। ক্রিকইনফো।