ভাষা হারিয়ে ফেলেছেন মিসবাহ!
মিসবাহ-উল-হক এমনিতেই স্বল্পভাষী। কাল ভাষাই হারিয়ে ফেললেন! ‘অনুভূতি কেমন?’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাইক আথারটনের এই প্রশ্নে পাকিস্তান অধিনায়কের উত্তর, ‘ভাষায় প্রকাশ করতে পারব না!’একটু পর অবশ্য ভাষা পেল অনুভূতিগুলো। ম্যাচের প্রথম দিন ৯৯ রানে গুটিয়ে গিয়েছিল যে দল, সেই দলটাই কিনা চতুর্থ দিনে এসে অনায়াসে জিতে গেল ম্যাচ। মিসবাহ কিন্তু একটু বিস্মিত নন। শুনলে বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু পাকিস্তান অধিনায়কের যুক্তিগুলো মানতেই হবে, ‘৯৯ রানে গুটিয়ে যাওয়ার পর অনেকেই আমাদের জয়ের কোনো আশা দেখেনি। কিন্তু খেয়াল করে দেখুন, দেড় বছর ধরে এটাই তো আমরা করে আসছি, দারুণ চাপের মধ্য থেকেও সফলভাবে বেরিয়ে আসা। এটাই এই দলটার বিশেষত্ব। সবাই দুর্দান্ত খেলেছে, বিশেষ করে বোলাররা। ৯৯ রানে গুটিয়ে যাওয়ার পর সাঈদ আজমল ও আবদুর রেহমান আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছে। এরপর অসাধারণ দুটি ইনিংস খেলেছে আজহার ও ইউনুস। এই ইনিংস দুটিই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে।’ এটাই তো সত্যি, কিছুদিন ধরে বিস্ময়ের পর বিস্ময় উপহার দিয়ে আসছে যে দল, সেই দল এভাবে ফিরে এসে জিতবে, এতে আর বিস্ময়ের কী আছে!আবুধাবিতে জয়ের পর থেকেই হোয়াইটওয়াশ কথাটা যে কতবার উচ্চারণ করেছেন মহসিন খান! সেই হোয়াইটওয়াশের স্বপ্ন সত্যি হওয়ার পর পাকিস্তান দলের কোচের উচ্ছ্বাস যেন বাঁধ মানতে চাইছে না, ‘পুরো ব্যাপারটাই আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। এই দলটা হয়তো খুব বেশি অভিজ্ঞ নয়, কিন্তু দারুণ প্রতিভাবান। অধিনায়কসহ দলের সবাই প্রমাণ করেছে, পাকিস্তান এখন বিশ্বের সেরা দলগুলোর একটি। পাকিস্তান ক্রিকেটের জন্য এটা বিশাল এক অর্জন।’আবুধাবি টেস্ট জিতে সিরিজ জয়ের পর মিসবাহ বলেছিলেন, সিরিজ জয়টা এত সহজে ধরা দেবে বলে ভাবেননি। হোয়াইটওয়াশ আরও বেশি আনন্দ নিয়েই ধরা দেওয়ার কথা। তেমনি হোয়াইটওয়াশ হয়ে বিস্মিত অ্যান্ড্রু স্ট্রাউস। তবে ইংল্যান্ড অধিনায়ক বেশি বিস্মিত নিজেদের টানা ব্যাটিং-ব্যর্থতায়, ‘তিনটি টেস্টে আমরা বড় কোনো রান করতে পারলাম না, এটা আমার কাছেই অবাক লাগছে। এমন ধারাবাহিকভাবে ব্যর্থ আমরা নিকট অতীতে হইনি। তবে পাকিস্তানকে প্রাপ্য কৃতিত্বটা দিতে হবে, ওরা অসাধারণ পারফর্ম করেছে। ওরা একবার ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর আমাদের আর ম্যাচে ফিরতে দেয়নি। তবে এই সিরিজ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কেউ রাতারাতি ভালো দল হয়ে যায় না বা রাতারাতি খারাপ দল হয়ে যায় না। শ্রীলঙ্কা সিরিজের জন্য আমরা আরও জোর প্রস্তুতি নেব।’মুরালি-উত্তর যুগের শ্রীলঙ্কা আর কুম্বলে-উত্তর যুগের ভারতের স্পিনশক্তি ঠিক এখন পাকিস্তানের মতো নয়। হরভজন সিং নিজেকে হারিয়ে খুঁজছেন। তারপরও এই সিরিজের অভিজ্ঞতা বলছে, শ্রীলঙ্কা-ভারতেও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ইংলিশদের জন্য। ওয়েবসাইট।