ভাষাবিদ ফেদেরার
দক্ষিণ আফ্রিকান মা আর সুইস বাবার ঘরে জন্ম তাঁর। বেড়ে উঠেছেন সুইজারল্যান্ডের এমন একটি উপশহরে, যেটি ফ্রেঞ্চ-জার্মান সীমান্তের পাশে। বহু ‘ভাষাবিদ’ হয়ে ওঠার পটভূমি তৈরিই ছিল। রজার ফেদেরার সেটি ঠিকই কাজে লাগিয়েছেন। আর তাই গ্র্যান্ড স্লাম শিরোপার মতো তাঁর ভাষার ভাঁড়ারটিও সমৃদ্ধ। সুইস ভাষার পাশাপাশি সুইস-জার্মান, জার্মান, ফ্রেঞ্চ, ইংলিশ বলতে পারেন অবলীলায়।কিন্তু অনেক ভাষা জানার অসুবিধাজনক দিকও আছে। গ্র্যান্ড স্লামের মতো বড় টুর্নামেন্টগুলোতে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা সাংবাদিকদের মন রাখতে হয় তাঁদের ভাষায় উত্তর দিয়ে। দিতে হয় বাড়তি সাক্ষার্যাকার। টানা অষ্টম অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ওঠার পরও তা-ই হলো। ১৬ গ্র্যান্ড স্লাম শিরোপার মালিকের অনুভূতিটা তাই মিশ্র, ‘টেনিস যত দিন খেলব, তত দিন তো এসব মেনে নিতেই হবে। তবে মাঝেমধ্যে মনে হয় একটু বেশিই হয়ে যাচ্ছে। কম হলে ভালো হতো।’তবে এমন নয়, ফেদেরার এতে বিরক্ত। মাঝেমধ্যে সেটি উপভোগও যে করেন, ‘মাঝেমধ্যে এমনও মনে হয়, ইস্, আমি যে ফ্রেঞ্চ বা ওই ভাষাটা জানি, এটা যদি কাউকে না বলতাম! আবার এই ভাষা বলতে পারাটাও কিন্তু উপভোগ করি। সুইজারল্যান্ডেও এই ভাষার চল আছে। ফ্রেঞ্চ শিখতে পেরে আমি গর্বিত। এতে করে বিশ্বের ওই অংশটাতেও কিন্তু আমার বন্ধু আছে, যাদের সঙ্গে আমি কথা বলতে পারি।’ফেদেরারের উপসংহার তা-ই, ‘অনেক ভাষা জানাটা খুবই কঠিন একটা কাজ। এর থেকেও আমি মজা খুঁজে নিই। ভিন্ন ভিন্ন ভাষার ভিন্ন ভিন্ন রসবোধ আমার জানা। আমি সত্যিই এটা উপভোগ করি।’ এএফপি।