ভাস-মুরালিকে ছাড়িয়ে মেন্ডিস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অজন্তা মেন্ডিস
অজন্তা মেন্ডিস

বাংলাদেশ সফরে আসতে পেরেছেন রণদিভ-সেনানায়েকেদের ব্যর্থতায়। একাদশে জায়গা পেয়েছেন চোট নিয়ে রঙ্গনা হেরাথ দেশে ফেরায়। তাঁর বলে দু-দুবার সহজ ক্যাচ দিয়েও বেঁচে গেছেন ইমরুল কায়েস। আরেকবার ইমরুলকে ক্যাচ বানিয়েও উইকেট পাননি নো বল করায়। দিন শেষে তবু তিনিই সংবাদ সম্মেলনে হাসিমুখে বললেন, ‘আমি দারুণ খুশি।’ এত কিছুর পরও কাল শ্রীলঙ্কার সফলতম বোলার যে অজন্তা মেন্ডিসই!
বারবার চেষ্টার পর ইমরুল শেষ পর্যন্ত উইকেটটি মেন্ডিসকে উপহার দিতে সক্ষম হয়েছেন। আরেক সেঞ্চুরিয়ান শামসুরও নিজের উইকেটের জন্য যোগ্য মনে করেছেন মেন্ডিসকেই। নাসিরের উইকেটটি আম্পায়ারের উপহার। সোহাগ গাজীকে অবশ্য বিভ্রান্ত করেছেন দারুণ এক বলে। চার উইকেটের তিনটিই ‘উপহার’, তবে মেন্ডিস নিজেকে বলছেন উপহারের যোগ্য, ‘উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো, ওরা ভালো ব্যাটিংও করেছে। কিন্তু লাকমল-দিলরুয়ানসহ আমরা ভালো বোলিং করেছি। আমি খুব খুশি, বছর খানেক পর দলে ফিরেই উইকেট পেয়েছি।’
উইকেট যেভাবেই আসুক, সংখ্যাটাই আসল। চার উইকেট পেয়ে তাই খুশি হতেই পারেন মেন্ডিস। তবে ভীষণ গর্ব করতে পারেন আরেকটি অর্জনে। কাল দিনের সেরা, আর ক্যারিয়ারের এই পর্যায়ে সেরা শ্রীলঙ্কার ইতিহাসেরই! ১৮তম টেস্টে উইকেট হয়ে গেছে ৬৮টি। ১৮ টেস্ট শেষে চামিন্ডা ভাস পেয়েছিলেন ৬৭ উইকেট, মুরালিধরন ৬৩। টেস্ট শেষ হতে হতে দলের বর্তমান বোলিং কোচকে ছাড়িয়ে আরেকটু এগিয়ে যাওয়ার সুযোগ তো আছেই।
এই পরিসংখ্যান ফুটিয়ে তুলছে মেন্ডিসের ক্যারিয়ারও। যেটি বিস্ময় আর আক্ষেপের অদ্ভুত এক মিশেল। ওয়ানডের ভুবনে চমকে দেওয়ার পর বিস্ময়যাত্রা শুরু টেস্টেও। স্পিনে ওস্তাদ ভারতীয় ব্যাটসম্যানদের নাকানি-চুবানি খাইয়ে অভিষেক সিরিজে ৩ টেস্টে ২৬ উইকেট। চতুর্থ টেস্টে এই চট্টগ্রামেই ৭ উইকেট। ৪ টেস্টে ৩৩, এই ধারায় ১৮ টেস্টে উইকেট থাকার কথা দেড় শর আশপাশে। সেটি হলে অবশ্য অবিশ্বাস্যই হতো। তবে ১৮ টেস্টে ৬৮ উইকেটও বিস্ময়কর, অন্তত শ খানেক উইকেট তো থাকার কথা। কিন্তু আঙুলের টোকার সেই জাদুর ছোঁয়াই যে আচমকা হারিয়ে ফেলেছেন! প্রথম ৪ টেস্টে ৩৩ উইকেটের চেয়েও বিস্ময়কর পরের ১৩ টেস্টে ৩১ উইকেট। কোথায় হারিয়ে গেল সেই রহস্য?
যে প্রশ্ন নিয়ে ক্রিকেট বিশ্বের কৌতূহলের শেষ নেই, মেন্ডিসের উত্তর গত কিছুদিনের বোলিংয়ের মতোই সাদামাটা, ‘আসলে পিঠের চোটে কাবু হয়ে পড়েছিলাম। এখন সব ঠিক হয়ে গেছে, আশা করি আগের সেই ছোঁয়া ফিরে পাব।’
আসলেই কি পাবেন?