ভাসা-ভাসা ভাষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিনেদিন জিদান জুভেন্টাসে না খেললে গত বিশ্বকাপে ওই ঢুস কেলেঙ্কারি হয়তো ঘটতই না! কে জানে, হয়তো শেষ পর্যন্ত শিরোপা ইতালির ফ্যাবিও ক্যানাভারোর বদলে উঠত ফ্রান্সের জিদানের হাতেই। সব দোষ আসলে জিদানের জুভেন্টাসে পাঁচ বছর কাটানোতেই।একটু খোলাসা করা যাক। ইতালির ক্লাবটিতে খেলার সৌজন্যে ইতালিয়ান ভাষাটিও জিদান বেশ ভালোই রপ্ত করেছিলেন। করেছিলেন বলেই গতবার ফাইনালে মার্কো মাতেরাজ্জি যে অশ্রাব্য ভাষায় জিদানকে উত্ত্যক্ত করেছিলেন, সেটি পরিষ্কার বুঝতে পেরেছেন। আর পেরেছেন বলেই তো জিদানের পাল্টা জবাব ছিল সেই ঢুস, পরিণতিতে লাল কার্ড দেখে মাঠছাড়া। হকচকিয়ে যাওয়া ফ্রান্সের হার টাইব্রেক নামের স্নায়ুপরীক্ষায়।একটু ভেবে দেখুন, জিদান যদি ইতালিয়ান ভাষাটি না জানতেন, হয়তো বুঝতেই পারতেন না, মাতেরাজ্জি ‘প্রেফেরিস্কো লা প্রস্তিতুতা চে ই লা ভস্ত্রা সোরেল্লা’ বলে আসলে কী বুঝিয়েছেন। ‘ভাষাবিদ’ হয়ে ওঠাটা কিন্তু সব সময় ইতিবাচক ফল বয়ে আনে না!বিপদ আসলে দ্বিমুখী। এক ভাষার বুলি অন্য ভাষার গালিও হয়ে যেতে পারে। প্যারাগুয়ের এক খেলোয়াড় জাপানের কোনো খেলোয়াড়ের খেলার প্রশংসা করে হয়তো এমন কিছু উচ্চারণ করে বসলেন, দেখা গেল, জাপানি ভাষায় সেটি আসলে চূড়ান্ত অপমানজনক কিছু। ব্যস্, লেগে গেল গোলমাল। উল্টো ছবিটাও ভেবে রাখুন। প্রতিপক্ষের খেলোয়াড়কে বেদম খিস্তিখেউর করে যাচ্ছে, কিন্তু পাল্টা জবাবে পাওয়া যাচ্ছে হাসি! খেলোয়াড়টি রাগ হবে কী করে, সে তো প্রতিপক্ষের ভাষার বিন্দুবিসর্গও বুঝছে না! মন খুলে যে গালি দেবে, তাতেও শান্তি নেই।ব্রাজিল-পর্তুগাল ম্যাচটি এদিক দিয়ে অন্তত ভাষার বৈপরীত্যে আটকে পড়েনি। দুই দেশের ভাষাই এক। ফলে ক্রিস্টিয়ানো রোনালদো হাসিমুখে লুসিওদের যদি কোনো অশ্রাব্য কিছু বলেও থাকেন, সেটি ঠিকই নাড়া দিয়ে গেছে ব্রাজিলিয়ানদের শ্রবণসীমায়। সম্ভাব্য সেমিফাইনালে আর্জেন্টিনা-স্পেন মুখোমুখি হলে যেটি হবে। আর লিওনেল মেসি তো জাভি-ইনিয়েস্তা-পুয়োল-পিকেদের হাড়ে হাড়েই চেনেন।তবে একই মায়ের জঠরে জন্ম নিলেও যেমন সব সন্তান এক রকম হয় না, তেমনই স্পেনের স্প্যানিশ ভাষা আর আর্জেন্টিনাসহ বাকি লাতিন আমেরিকান দেশগুলোর স্প্যানিশ ভাষায় কিন্তু এ-পাড়া ও-পাড়ার হলেও সেই দূরত্বটা আছে। এই বিশ্বকাপে খেলছে এমন অন্তত পাঁচটি দেশ স্প্যানিশ ভাষায় কথা বলে। স্পেন, আর্জেন্টিনা, মেক্সিকো, চিলি আর উরুগুয়ে। এর মধ্যে আর্জেন্টিনা-মেক্সিকোর দেখা হয়ে গেছে গতকালই। মেসির সঙ্গে দেখা হয়ে গেছে তাঁর ক্লাব-সতীর্থ রাফায়েল মার্কেজের।ফুটবলারদের নিপাট ভদ্রলোক ভাবার কোনো কারণ নেই। ‘ভাজা মাছ উল্টে খেতে জানেন না’ যে মেসি, তিনিও যে কাল মার্কেজকে মাঠে দু-চার কথা শুনিয়ে দেননি, সেটি নিশ্চিত করে বলার জো নেই। তবে কিনা মেসি নিজেও মার্কেজের সঙ্গে কথা বলতে গিয়ে প্রায়ই হোঁচট খান। ওই যে স্প্যানিশ ভাষার ‘পাড়াতো দূরত্ব’।মেসি নিজেই বলেছেন, বার্সেলোনার অনুশীলনে প্রথম প্রথম মার্কেজের কথা শুনে তিনি কীভাবে ভিরমি খেতেন। হয়তো মার্কেজ এসেই বললেন, ‘আমাকে একটা “প্লায়েরা” আর একজোড়া “ট্যাকস” দে তো।’ মেসি বিস্ময়দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করেছেন, বুঝতে পারেননি। কারণ তাঁর ক্লাব-সতীর্থ যে জিনিস দুটি চাইছে, আর্জেন্টিনায় সে দুটির নাম ‘কাসাকা’ আর ‘বতিনেস’। প্যারাগুয়ের খেলোয়াড়েরা আবার বলবেন ‘কামিসেতা’ আর ‘তাকুইলাস’। মানে—একটা জার্সি আর একজোড়া বুট!আরও একটা ‘সহজ’ উদাহরণ দেওয়া যাক। গোলরক্ষকের কাছে ব্যাকপাস ঠেলে দিতে গিয়ে ‘কিপার’ ‘কিপার’ বলে চিৎকার করে ওঠেন খেলোয়াড়েরা। এই একটা পজিশনের খেলোয়াড়কে লাতিন আমেরিকার দেশগুলোয় ডাকা হয় ‘আর্কুয়েরো’, ‘পোর্তেরো’, ‘গোলেরো’, ‘গুয়ার্দামেতা’, ‘গুয়ার্দাভাল্লা’, ‘কুইদাভাল্লা’, ‘কুইদাপালোস’ কিংবা ‘ক্যানসারবেরো’ নামে। আর ‘রেফারি’কে স্পেনের খেলোয়াড়েরা বলে ‘আর্বিত্রো’ কিংবা ‘কোলেগিয়াদো’; প্যারাগুয়ের খেলোয়াড়েরা বলে ‘রেফারে’, আর্জেন্টিনায় ‘রেফেরি’।পাশাপাশি দেশ, অথচ ভাষায় কত পার্থক্য। তবে আপনি ব্রাজিলের সমর্থক হোন, আর্জেন্টিনা কিংবা স্পেন; দলকে উৎসাহ জোগাতে স্লোগান তুলতে পারেন একটাই—‘ভামোস!’