ভাড়াটেতে আপত্তি এসিসির
আইসিসির বিশ্বায়নের ছোঁয়া ভালোমতোই লেগেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। কাতার, বাহরাইনের মতো দেশগুলোতেও শুরু হয়েছে ক্রিকেট। তবে সত্যিই কতটা এগোচ্ছে এসব দেশের ক্রিকেট, সন্দেহ সেটি নিয়েই। জীবিকার খোঁজে এসব দেশে যাওয়া উপমহাদেশের অভিবাসীরাই যে মূলত ক্রিকেটটা খেলছে। ভবিষ্যতের কথা চিন্তা করে তাই সক্রিয় হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। কোনো দলের অন্তত তিনজন ক্রিকেটারের সে দেশের বৈধ পাসপোর্ট থাকতে হবে, এই নিয়ম করে দিয়েছে এশীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। আর চার বছরের নাগরিকত্ব আইন পূর্ণ করা অন্তত দুজন ক্রিকেটারকে নিয়ে সাজাতে হবে সেরা একাদশ।নিয়মটা অবশ্য একেবারেই চাপিয়ে দিচ্ছে না এসিসি, প্রাথমিকভাবে প্রযোজ্য হবে কেবল অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টগুলোয়। আস্তে আস্তে চালু হবে সব বয়সভিত্তিক দলেই। ভাড়াটেদের নিয়ে দল গড়া বেশ কিছুদিন ধরেই ক্রিকেট কর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলা যুক্তরাষ্ট্র দলের সব ক্রিকেটারই ছিলেন ক্যারিবিয়ান আর উপমহাদেশের। সহযোগী আর অনুমোদিত সদস্য অনেক দেশে নিজেদের ক্রিকেটার আছে এক-দুজন করে। এসিসির সিদ্ধান্তের প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করছে, এসিসি অনূর্ধ্ব-১৬ এলিট কাপ থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে কাতার ও সংযুক্ত আরব আমিরাত।এই নিয়মে আমিরাতই সবচেয়ে বেশি সমস্যায় পড়বে, কারণ বাইরের দেশের নাগরিকদের জন্য এখানকার নাগরিকত্ব পাওয়ার আইন-কানুন ভীষণ কঠিন, কোনো কোনো ক্ষেত্রে অসম্ভব। ক্রিকেটে পা রাখার পর থেকে বিদেশিদের নিয়ে গড়া হচ্ছে তাদের দল। ১৯৯৪ সালের আইসিসি ট্রফিতে ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কানদের নিয়ে গড়া আমিরাত দলের কাছে হেরেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশের বিশ্বকাপ-স্বপ্ন। ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে আমিরাত খেলেছিল ১৯৯৬ বিশ্বকাপে। ওয়েবসাইট।